ওঙ্কার ডেস্ক: অনলাইন বেটিং চক্র চালানোর অভিযোগে কর্নাটকের কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্রকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার সিকিমের অনলাইন ও অফলাইন জুয়া মামলায় আর্থিক তছরুপের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে ইডি। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ১২ কোটি টাকা।
উল্লেখ্য অনলাইন বেটিং চক্র বন্ধ করতে সম্প্রতি বিল এনেছে কেন্দ্র সরকার। সেই আবহে এদিন বেটিং চক্রের বিভিন্ন মামলায় দেশের একাধিক রাজ্যে তল্লাশি অভিযান শুরু করে ইডি। দেশের ৩১টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ইডির আধিকারিকরা ১২ কোটি টাকা নগদ উদ্ধার করেছে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ৬ কোটি টাকার সোনা ও প্রায় ১০ কেজি রুপো।
ইডি সূত্রে খবর, শনিবার চিত্রদুর্গের ৫০ বছর বয়সি বিধায়ককে গ্রেফতার করা হয়। অনলাইন বেটিং চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।তাঁকে সিকিমের রাজধানী গ্যাংটকের ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। ধৃত বিধায়ককে ব্যাঙ্গালুরুতে নিয়ে যাওয়ার জন্য ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়েছে ইডি। অভিযুক্ত ওই বিধায়ক কিং ৫৬৭ ও রাজা ৫৬৭ নামে দুটি অনলাইন বেটিং প্ল্যার্টফর্ম চালাতেন। ইডি সূত্রে জানা গিয়েছে, বীরেন্দ্র ও তাঁর ঘনিষ্ঠ কয়েক জনের ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত, অনলাইন বেটিং চক্রের রমরমায় এর ফাঁদে পড়ে অনেকে সর্বস্বান্ত হয়েছেন। এই চক্র বন্ধ করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। ইতিমধ্যে লোকসভায় বিল আনা হয়েছে। সেই আবহে অভিযানে নামল ইডি।
