ওঙ্কার ডেস্ক: নতুন বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করে খোলা চিঠি লিখলেন বালোচ নেতা মীর ইয়ার বালোচ। সেই চিঠি সমাজ মাধ্যমে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। মীর ইয়ার একজন মানবাধিকার কর্মী হিসেবেও পরিচিত। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে লেখা খোলা চিঠিটি প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে। ওই চিঠিতে অপারেশন সিঁদুরের প্রশংসা করেছেন মীর।
চিঠিতে মীর ইয়ার বালোচ বেইজিং-ইসলামাবাদ সম্পর্ক নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই চিন পাকিস্তানের বালোচিস্তান অঞ্চলে সামরিক বাহিনী মোতায়েন করতে পারে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছেন, পাকিস্তানের শাসনে বালোচিস্তান কয়েক দশক ধরে দমন-পীড়নের শিকার হচ্ছে। যার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মদতে হিংসা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও। উল্লেখ্য, বালোচিস্তানের বিদ্রোহী নেতারা ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের কবল থেকে নিজেদের অঞ্চলকে স্বাধীন হিসেবে ঘোষণা করেছেন। মীর ঘোষণা করেছেন, বালোচিস্তান প্রজাতন্ত্র ২০২৬ সালের প্রথম সপ্তাহে ‘২০২৬ বালোচিস্তান গ্লোবাল ডিপ্লোম্যাটিক উইক’ পালন করবে। এর ফলে বালোচিস্তান বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করতে পারবে।
গত বছর ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। যে ঘটনায় পাকিস্তান জড়িত বলে অভিযোগ উঠেছিল। পহেলগাঁও কাণ্ডের বদলা নিতে ভারতের সেনাবাহিনী গত বছর ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায়। যে অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। মীর বালোচ ভারতের এই অপারেশনের প্রশংসা করেছেন তাঁর চিঠিতে। মোদী সরকারের এই পদক্ষেপকে ভারতের অনুকরণীয় সাহস হিসেবে অভিহিত করেছেন। চিঠিতে তিনি লিখেছেন, ‘বালোচিস্তানের জনগণ গত ৭৯ বছর ধরে পাকিস্তানের রাষ্ট্রীয় দখলদারিত্ব, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস এবং ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। এখন সময় এসেছে এই মারাত্মক ব্যাধিকে তার মূল থেকে নির্মূল করার, যা আমাদের জাতির জন্য স্থায়ী শান্তি ও সার্বভৌমত্ব নিশ্চিত করবে।’
