অর্পিতা মুখার্জী, কলকাতা: ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ মিছিলের পর এবার দ্বিতীয় দফার কর্মসূচিতে নামছে বিজেপি। বিরোধীদের আন্দোলনের পাল্টা হিসেবে বিধানসভা ভিত্তিক জনসংযোগে জোর দিতে চাইছে গেরুয়া শিবির।
পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি বিধানসভা এলাকায় প্রায় ২০০ জন বিশিষ্ট মানুষের বাড়িতে যাবেন বিজেপি নেতারা। শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক-সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তাঁরা। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁদের মতামত নেওয়া হবে। সেই মতামত রিপোর্ট আকারে পাঠানো হবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে।
দলীয় সূত্রে খবর, এই কর্মসূচিতে চার পাতার একটি পুস্তিকা নিয়ে মানুষের কাছে যাওয়া হবে। সেই পুস্তিকায় এসআইআর নিয়ে বিজেপির বক্তব্য তুলে ধরা হয়েছে। পুস্তিকায় দাবি করা হয়েছে, কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের আমলেও এসআইআর হয়েছে। ১২ বারের মধ্যে ১০ বার এসআইআর হয়েছে কংগ্রেসের আমলে। গত ২০ বছরে বহু মৃত্যু, স্থানান্তর ও অবৈধ অনুপ্রবেশের ফলে ভোটার তালিকায় ত্রুটি তৈরি হয়েছে বলে বিজেপির বক্তব্য। এসআইআরের মাধ্যমে সেই নামগুলি বাদ দেওয়া যায় বলেও পুস্তিকায় বলা হয়েছে।
এছাড়া এসআইআরে ১৩ কোটি নাম বাদ পড়ার নেপথ্যে কারণ পরিসংখ্যান দিয়ে তুলে ধরা হয়েছে। বিরোধীদের তোলা ‘ভোট চুরি’ অভিযোগ ঠিক নয় বলেও দাবি করেছে গেরুয়া শিবির। তাদের বক্তব্য, নির্বাচনের ফল নির্ধারণ করেন ভোটাররা, এসআইআর নয়।
অন্যদিকে, এসআইআর ইস্যু ও নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে নেমেছে কংগ্রেস, বাম দলগুলি-সহ বিরোধীরা। ২০২৭-এর শুরুতে উত্তরপ্রদেশ, গুজরাত, উত্তরাখণ্ডের মতো রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। রাজনৈতিক মহলের মতে, সেই ভোটের আগে বিরোধীরা আন্দোলনের ঝাঁজ বাড়াতে চাইছে। পাল্টা বিজেপিও জনমত গঠনে মাঠে নেমেছে। রাজ্য বিজেপির এক শীর্ষনেতার বক্তব্য, “এটা শুধু বিজেপির কর্মসূচি নয়। যাঁরা ভারতের পক্ষে, তাঁদের সকলের জন্য।”