নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দাদা ও ভাইপোর বিরুদ্ধে। জানা গিয়েছে, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার মাতলা-২ গ্রাম পঞ্চায়েতের পুরাতন চাঁদনী এলাকায়। মৃতের নাম সঞ্জীব মণ্ডল (৫০)।
স্থানীয় ও পরিবার সূত্রে অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির সামনে মুদিখানার দোকানের শাটারে লাথি মারছিলেন দাদা সঞ্জয় মণ্ডল ও তাঁর ছেলে সুব্রত। প্রতিবাদ করতে বাইরে বেরোতেই সঞ্জীবকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। গলা টিপে ধরা হয় বলেও অভিযোগ।
পরে গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতের স্ত্রী চিন্ময়ী ও মেয়ে তিতলির অভিযোগ, দীর্ঘদিন ধরেই পারিবারিক বিবাদকে কেন্দ্র করে তাঁদের পরিবারের ওপর অত্যাচার চলছিল। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। স্বজনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা ও মেয়ে। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই অভিযুক্ত সুব্রত মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পলাতক সঞ্জয় মণ্ডলের খোঁজে তল্লাশি চলছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।