ওঙ্কার ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ফলতায় প্রাক্তন তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। আগামী সোমবার মামলাটির পরবর্তী শুনানি। তার আগে বাড়ি ভাঙার কোনও কাজ করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। একই সঙ্গে জাহাঙ্গিরকে আদৌ নিয়ম মেনে ভাঙার নোটিস দেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে হাইকোর্ট।
বেআইনি নির্মাণের অভিযোগে বুধবার থেকে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার প্রক্রিয়া শুরু করেছিল জেলা প্রশাসন। টানা দু’দিন ধরে চলে সেই কাজ। নিম্ন আদালতের নির্দেশের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছিল বলে প্রশাসনের দাবি। তবে বাড়ি ভাঙার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে মামলা করেন জাহাঙ্গির। শুক্রবার সেই মামলার শুনানিতেই আপাতত ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ আসে। একসময় ফলতায় যথেষ্ট প্রভাবশালী তৃণমূল নেতা ছিলেন জাহাঙ্গির খান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবেও পরিচিত ছিলেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে ফলতা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠায় ওই কেন্দ্রের ভোট বাতিল করা হয়। পরে সেখানে নতুন করে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। পুনর্নির্বাচনের আগে প্রার্থিপদ প্রত্যাহার করেন জাহাঙ্গির।
এর পরেই একাধিক অভিযোগে গ্রেফতার হন জাহাঙ্গির এবং তাঁর স্ত্রী। তোলাবাজি ও ভয় দেখানোর মতো অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। বর্তমানে দু’জনেই জেলবন্দি। এই পরিস্থিতিতে জাহাঙ্গিরের অনুপস্থিতিতে কী ভাবে তাঁর বাড়ি চিহ্নিত করে ভাঙার কাজ শুরু করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। রাজ্যের আইনজীবীদের উদ্দেশে তাঁর প্রশ্ন, বাড়িটি যে জাহাঙ্গিরের, তা কী ভাবে নিশ্চিত করা হল? তিনি জেলে রয়েছেন। তা হলে তাঁকে নোটিস দেওয়া হয়েছিল কোথায়? অন্যদিকে, প্রশাসনের দাবি, জাহাঙ্গিরের নামে একাধিকবার নোটিস পাঠানো হয়েছিল। শুনানিতে হাজির হওয়ার জন্যও তাঁকে জানানো হয়েছিল। কিন্তু তিনি উপস্থিত হননি। পরে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়ে ফের নোটিস পাঠানো হয়। সাত দিনের মধ্যে নির্মাণ সরিয়ে নেওয়ার সময়সীমাও দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ কার্যকর না হওয়ায় শেষ পর্যন্ত বাড়ি ভাঙার সিদ্ধান্ত নেয় প্রশাসন।