নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ছটপুজোর আর বেশি দেরি নেই। তার আগেই বরাকরের ঘাটগুলির প্রস্তুতি কতদূর, তা সরেজমিনে খতিয়ে দেখে নিলেন রাজ্যের মন্ত্রী তথা কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার।
আজ, শুক্রবার কুলটি বিধানসভার অন্তর্গত বরাকর এলাকার পাঁচটি ছটঘাট ঘুরে দেখেন তিনি। প্রতিটি ঘাটে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কেমন রয়েছে, নিরাপত্তার কী ব্যবস্থা করা হয়েছে, তা খুঁটিয়ে দেখেন মন্ত্রী।
ছটব্রতীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও বিশেষ নজর দেন তিনি। ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে কিনা, পানীয় জলের ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কিনা, অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা ঠিকমতো পৌঁছচ্ছে কিনা — সবটাই ঘুরে দেখেন অজয় পোদ্দার। পাশাপাশি ছটপুজো উপলক্ষে ঘাটগুলিতে চলা উন্নয়নমূলক ও পরিকাঠামোগত কাজের অগ্রগতিও পর্যালোচনা করেন তিনি। ভক্তরা যাতে নির্বিঘ্নে পুজো সম্পন্ন করতে পারেন, সেই লক্ষ্যেই এই পরিদর্শন বলে জানা গিয়েছে।
ঘাটের নিরাপত্তার বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, “অন্যবারের থেকে এইবারের প্রস্তুতি অন্যরকম। প্রশাসনের প্রায় সমস্ত দফতর দিনরাত কাজ করছে। ঘাটগুলোর পরিচ্ছন্নতা ও নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে।”