নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় বাবাকে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মারে প্রৌঢ়ের চারটি দাঁত ভেঙে গিয়েছে বলে দাবি। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের মৌখালি গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, পরিবারের এক সদস্যের স্ত্রীর সঙ্গে অন্য এক সদস্যের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ। তা নিয়ে দীর্ঘদিন ধরেই নস্কর পরিবারে অশান্তি চলছিল। এই বিষয়ে বৃহস্পতিবার গ্রামে সালিশি সভা বসার কথা ছিল। অভিযোগ, সভা শুরু হওয়ার আগেই সরস্বতীর বাবা ভোলা নস্কর, ভাই কার্তিক নস্কর ও মেসো শঙ্কর নস্কর-সহ কয়েকজন রবীন নস্করের ওপর চড়াও হন।
লোহার রড দিয়ে মারধর করা হলে তাঁর চারটি দাঁত ভেঙে যায় বলে অভিযোগ। ঘটনার পর স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে স্থিতিশীল রয়েছেন তিনি। অন্যদিকে ঘটনার প্রতিবাদে গতকালই ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত রবীন নস্কর। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।