অর্পিতা মুখার্জী, কলকাতা: দুই সপ্তাহ আগেও যিনি ছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ার মুখ, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী টেক কর্তাদের একজন — সেই জেনসেন হুয়াং-এর করুন পরিণতি দেখল বিশ্ব। বুধবার গভীর রাতে এনভিডিয়ার সিইও পদ থেকে তাঁর ইস্তফা কার্যত নিঃশর্ত আত্মসমর্পণ ছিল বলে দাবি করেছেন বৈঠকে উপস্থিত থাকা এক ব্যক্তি।
বৈঠকে উপস্থিতদের বর্ণনা অনুযায়ী, চেনা দাপুটে হুয়াং-কে সেদিন অচেনা মনে হয়েছিল। যে মানুষটি চিপের নকশা থেকে শুরু করে সবচেয়ে জুনিয়র কর্মীর বেতন পর্যন্ত খুঁটিয়ে দেখতেন, তিনি যেন সব ছেড়ে দিয়েছিলেন। মুখে বারবার ফিরে আসছিল — “যা খুশি হোক’, ‘আমি আর পরোয়া করি না।”
অক্টোবরের শেষে খবর ছড়ায়, চিনা গুপ্তচর সন্দেহে অভিযুক্ত এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে হুয়াং-এর। তখনও বোঝা যায়নি জল এতদূর গড়াবে। তাঁর দীর্ঘদিনের বন্ধু, বিনিয়োগকারী ও ব্যবসায়িক সঙ্গীদের নিয়ে গঠিত বোর্ড প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাইছিল না।
হুয়াং বন্ধু ও সহকর্মীদের কাছে দাবি করছিলেন, তিনি স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হননি। ২০২৫-এর শেষ থেকে সংস্থার ভিতরে জিজ্ঞাসাবাদেও একই কথা বলছিলেন তিনি। সিইও হিসেবে শেষ সাক্ষাৎকারগুলোর একটিতে ব্লুমবার্গকে তিনি বলেছিলেন, অ্যালিস হুয়াং-এর সঙ্গে তাঁর সম্পর্ক চিনা গ্রাহক ও আধিকারিকদের সঙ্গে সম্পর্কের মতোই স্বাভাবিক।
কিন্তু মোড় ঘোরে গত শুক্রবার, ৬ নভেম্বর। এক মার্কিন সংবাদসংস্থা তাদের প্রতিবেদনে দাবি করে অ্যালিসের সঙ্গে জেনসেনের সম্পর্ক আক্ষরিক অর্থেই ‘রোমান্টিক’ ছিল। এরপরই এনভিডিয়ার জেনারেল কাউন্সেল টিম টেটার হুয়াং-এর বাড়িতে গিয়ে তাঁর মুখোমুখি হন। তখন হুয়াং নিজেই একথা স্বীকার করেন।
তখনও বোর্ডের বেশিরভাগ সদস্য প্রকাশ্যে কিছু বলতে চাইছিলেন না। কিন্তু বোর্ডের সচিব টেটার তাঁদের জানান, এবার ব্যবস্থা নিতেই হবে। এরপরেই বোর্ড তদন্তের ঘোষণা করে। দায়িত্ব দেওয়া হয় নামী আইন সংস্থা ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজকে। রবিবার হুয়াং গোটা সংস্থাকে ইমেল করে সম্পর্কের কথা স্বীকার করেন, পরিবারের কাছে ক্ষমা চান এবং তদন্তে ‘পূর্ণ সহযোগিতা’ করার প্রতিশ্রুতি দেন।
এই কেলেঙ্কারি যে তাঁর কাজে প্রভাব ফেলছিল, তার প্রমাণও মিলছিল। এনভিডিয়ার ব্যতিক্রমী কাঠামোয় প্রায় ৬০ জন আধিকারিক সরাসরি হুয়াং-কে রিপোর্ট করতেন। গোটা সংস্থাকে নিজেদের শীর্ষ পাঁচটি অগ্রাধিকার ইমেল করে জানাতে হতো। হুয়াং দিন-রাত যে কোনও সময়ে সঙ্গে সঙ্গে জবাব দিতেন বলে পরিচিত ছিলেন। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে সেই জবাব আসতে দেরি হচ্ছিল।
এর মধ্যেই নতুন আরও একটি সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। যা নিয়ে রীতিমত শোরগোল পড়ে যায় সংস্থার অন্দরে। বুধবার ‘নিউইয়র্ক টাইমস’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয় হুয়াং-এর সঙ্গে এনভিডিয়ার হেলথকেয়ার বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলেরও বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। আর সেই খবর সামনে আসতেই দ্রুত ব্যবস্থা নেয় বোর্ড। বুধবার রাতেই বৈঠকে বসেন সংস্থার ডিরেক্টররা। বৈঠক চলে গভীর রাত পর্যন্ত। শেষ পর্যন্ত হুয়াং-এর হাতে ইস্তফা ছাড়া আর কোনও বিকল্প ছিল না বলে জানা যায়। তিনি যে সংস্থার সহ-প্রতিষ্ঠাতা, সেখানে তাঁর আর কোনও আনুষ্ঠানিক ভূমিকা রইল না।
পরদিন সকালে বোর্ডের তরফে ঘোষণা করা হয়, অন্তর্বর্তী সিইও হচ্ছেন সিএফও কোলেট ক্রেস। কর্মীদের আশ্বস্ত করতে ইমেলে তিনি লেখেন, “আমি এই সংস্থা এবং এর ভবিষ্যতে গভীরভাবে বিশ্বাস করি। সবচেয়ে বেশি বিশ্বাস করি আপনাদের প্রত্যেকের ওপর। বোর্ড, কর্মী এবং আমি জানি, এটা অসাধারণ কঠিন সময়। আপনাদের সহনশীলতা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার জন্য আমি কৃতজ্ঞ।”
ওয়াকিবহালমহলের মতে, এখন বোর্ডের সামনে সবচেয়ে কঠিন কাজ — হুয়াং-এর উত্তরসূরি খোঁজা। সম্ভাব্য তালিকায় যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁরা হলেন এএমডি-র সিইও লিসা সু এবং আর্ম হোল্ডিংসের সিইও রেনে হাস। তবে প্রযুক্তিবিদ, এক্সিকিউটিভ, মার্কেটার, লবিস্ট, মাসকট — সব ভূমিকা একসঙ্গে পালন করা কারও পক্ষে কঠিন হবে বলেই মনে করছেন অনেকে। এনভিডিয়ার কখনওই প্রথাগত উত্তরসূরি পরিকল্পনা ছিল না।