অর্পিতা মুখার্জী, কলকাতা: কলকাতা ও হাওড়া পুরভোটে প্রার্থী বাছাইয়ে বড় চমক দিতে চাইছে বিজেপি। এবার ৪০ বছরের কম বয়সি তরুণ-তরুণীদেরই বিশেষ প্রাধান্য দেওয়া হবে বলে দলীয় সূত্রে খবর। যুব মোর্চা এবং মহিলা মোর্চা থেকে একটা বড় অংশের মুখ এবার প্রার্থী তালিকায় জায়গা পেতে পারে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, মণ্ডল কমিটি থেকে ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের নামের সুপারিশ জেলা হয়ে রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকেই চূড়ান্ত হবে তালিকা।
কেন তরুণদের উপর ভরসা?
বিজেপি নেতৃত্বের বক্তব্য, কলকাতার ভবিষ্যৎ গড়তে হলে তরুণ প্রজন্মকে শুধু ভোটার হিসেবে রাখলে হবে না, তাদেরকেই উন্নয়নের চালিকাশক্তি করে তুলতে হবে। কলকাতা পুরভোটের দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আগেই বলেছিলেন, এই ভোট শুধু রাজনৈতিক লড়াই নয়। এটা শহরের ভবিষ্যৎ, নাগরিক পরিষেবার মান এবং উন্নয়নের দিশা ঠিক করার লড়াই।
সেই ভাবনা থেকেই স্টার্টআপ, দক্ষতা বৃদ্ধি, খেলাধুলো, সংস্কৃতি, উন্নত গণপরিবহণ এবং ডিজিটাল নাগরিক পরিষেবার মতো বিষয়ে ওয়ার্ডে ওয়ার্ডে তরুণ ও পড়ুয়াদের সঙ্গে সংলাপের পরিকল্পনা করছে গেরুয়া শিবির। যুব সমাজের প্রস্তাবকে গুরুত্ব দিয়েই ‘নতুন কলকাতা’ গড়ার কথা বলছে তারা।
প্রার্থী বাছাইয়ে কী দেখা হচ্ছে?
দলীয় সূত্রে খবর, প্রার্থী বাছাইয়ে জেতার সম্ভাবনা, স্বচ্ছ ভাবমূর্তি, ওয়ার্ডে গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক দক্ষতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দলের নির্ধারিত এসওপি মেনেই যোগ্যতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত হবে।
ড্রপবক্সে উপচে পড়ছে আবেদন
প্রার্থী হতে বিজেপির ড্রপবক্সে এবার রেকর্ড সাড়া মিলেছে। কলকাতা ও হাওড়া মিলিয়ে জমা পড়েছে ১২ হাজারেরও বেশি আবেদনপত্র। দলের দাবি, প্রতিটি ওয়ার্ড থেকে ন্যূনতম ২৫টি করে আবেদন এসেছে। আবেদনকারীদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সংখ্যাও নজরকাড়া। সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডগুলিতে ১৫ জনের বেশি প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।
অর্থাৎ, টিকিটের লড়াইয়ে এবার যেমন তরুণদের ভিড়, তেমনই সমাজের বিভিন্ন স্তর থেকে বিশিষ্টজনদের আগ্রহও বিজেপিকে অনেকটাই অক্সিজেন দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।