ওঙ্কার ডেস্ক: কালীপুজোর আগেই গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপের ফল প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশনের মূল্যায়ন অনুযায়ী, প্রায় ৩৮ হাজার চাকরিপ্রার্থী মৌখিক পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। তবে ইন্টারভিউ কবে শুরু হবে, তা এখনও জানানো হয়নি। পরবর্তী সময়ে ওয়েবসাইটে বিস্তারিত সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন।
২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার পর ওই নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর জেরে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরি হারান। স্কুলগুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীর শূন্যপদ পূরণে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে কমিশন। এই নিয়োগের জন্য মার্চ মাসে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে বিধানসভা নির্বাচনের কারণে ফল প্রকাশে বিলম্ব হয়। অক্টোবরে আরও এক দফায় পরীক্ষা নেওয়া হয়। এবার কালীপুজোর আগে সেই পরীক্ষার ফল প্রকাশ করল এসএসসি। প্রকাশিত তালিকায় মোট ৩৮ হাজার প্রার্থীর নাম রয়েছে। তাঁরা পরবর্তী পর্যায়ে ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রুপ সি পদে শূন্যপদের সংখ্যা ২,৯৮৯। গ্রুপ ডি পদে শূন্যপদ রয়েছে ৫,৪৮৮টি। প্রাথমিক তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের পরবর্তী ধাপে মূল নথি এবং শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষার পর এবার নিয়োগ প্রক্রিয়ায় শুরু হবে মৌখিক পরীক্ষার পর্ব। নথি যাচাই ও ইন্টারভিউয়ের তারিখ, সময় এবং বিস্তারিত সূচি পরে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে।