ওঙ্কার ডেস্ক: উৎসবের মরসুমে রাজ্যগুলির আর্থিক চাহিদা মেটাতে নির্ধারিত সময়ের আগেই করের অংশ বাবদ অর্থ পাঠাল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার একসঙ্গে ১ লক্ষ ৯ হাজার ১৯ কোটি টাকা রাজ্যগুলির জন্য বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ পেয়েছে ৭,৮৬৬ কোটি টাকা।
সাধারণ নিয়মে প্রতি মাসের ১০ তারিখে রাজ্যগুলিকে করের প্রাপ্য অংশ দেওয়া হয়। কিন্তু এবার সেই সূচিতে বদল এনেছে কেন্দ্র। মূলধনী খাতে ব্যয় বৃদ্ধি এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পের খরচ মেটাতে রাজ্যগুলির সুবিধার কথা বিবেচনা করা হয়েছে। তাই ১০ নভেম্বরের বদলে ৫ নভেম্বরই অর্থ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই রাজ্যগুলির অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে বরাদ্দের টাকা। কেন্দ্রের আশা, আগাম এই অর্থ হাতে পাওয়ায় রাজ্যগুলি উন্নয়নমূলক কাজের গতি বাড়াতে পারবে। উৎসবের সময়ে অতিরিক্ত আর্থিক চাপ সামলাতেও সুবিধা হবে প্রশাসনের। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের অন্যান্য রাজ্যও একইভাবে আগাম করের অংশ পেয়েছে।
কেন্দ্রের লক্ষ্য, উৎসবের মরশুমে রাজ্য সরকারগুলি যেন এই অর্থ উন্নয়নমূলক কাজে ব্যয় করে। এর ফলে সরকারি খাতে খরচ বাড়বে। পাশাপাশি অর্থনীতিতেও অতিরিক্ত অর্থের প্রবাহ তৈরি হবে বলে মনে করছে কেন্দ্র। উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে কেন্দ্র ও পশ্চিমবঙ্গের সম্পর্ক নিয়ে একাধিকবার টানাপড়েন তৈরি হয়েছিল। কেন্দ্রীয় প্রকল্প কার্যকর করা এবং তার শর্ত পূরণ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছিল। প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা গিয়েছিল। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন এসেছে। বর্তমানে দুই সরকার যৌথ উদ্যোগে বিভিন্ন কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।