ওঙ্কার ডেস্ক: দীর্ঘ ১৭ বছর প্রবাসে কাটিয়ে বাংলাদেশ যখন এক রাজনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সময়ে দেশে ফিরলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। বিমানবন্দরে নেমেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেন তিনি।
খালেদা পুত্রকে সংবর্ধনা জানাতে বৃহস্পতিবার ঢাকায় উপস্থিত ছিলেন বিএনপির নেতারা। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা। বিমানবন্দর থেকে তারেক রহমান একটি বুলেটপ্রুফ বাসে রাজধানীর ৩০০ ফুট রোডের অভ্যর্থনাস্থলের উদ্দেশে রওনা দেন। সেখানেই তিনি একটি বিশাল সমাবেশে ভাষণ দেবেন। তার আগে এদিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ভিআইপি লাউঞ্জ থেকে মহম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ১২টা ২৬ মিনিটে বিএনপির সমাজ মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
রিপোর্ট অনুসারে, খালেদা-পুত্রকে স্বাগত জানাতে হাজার হাজার বিএনপি সমর্থক সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হয়েছেন। বিএনপি সূত্রে খবর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমাবেশে ভাষণ দেওয়ার পর তাঁর মা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন ঢাকার এভারকেয়ার হাসপাতালে। যেখানে প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।
