ওঙ্কার ডেস্ক: খাঁচা ছেড়ে পালাল বক্সার বাঘিনী। রবিবার দুপুরে খাঁচা থেকে বেরিয়ে ২৭ মাইলের দিকে চলে যায় সে। ঘটনার কথা প্রকাশ্যে আসতে জরুরি ভিত্তিতে বন দপ্তরের সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে জঙ্গলজুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
বন দফতর সূত্রে খবর, ওই বাঘিনিকে এনক্লোজারে রাখা হয়েছিল। আর সে কারণে তাকে মুক্ত বনাঞ্চলে ছাড়ার পর ত্রিস্তরীয় নজরদারি দলটি ভেঙে বনকর্মীদের আগের দায়িত্বে পাঠানো হয়। কিন্তু রবিবার বিকেলে বাঘিনিটিকে পাহারা দেওয়ার জন্য তাঁদের ফিরিয়ে আনা হয়। তবে বাঘিনি বর্তমানে কোথায় রয়েছে সেই অবস্থান জানা যায়নি।
সূত্রের খবর, তিন ঘণ্টা অন্তর বাঘিনির অবস্থান সম্পর্কে তথ্য বন দফতরের হাতে পাওয়ার কথা। এনক্লোজার থেকে বেরোনোর সময় বাঘিনির গলায় থাকা রেডিও কলারটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হচ্ছে । আর সে কারণে তার অবস্থান সম্পর্কে তথ্য জানা যাচ্ছে না। কী ভাবে বাঘিনি এনক্লোজার থেকে বেরিয়ে গেল, তা নিয়ে বনকর্তারা স্পষ্ট করে কিছু জানাননি। রাজ্যের বন্যপ্রাণ বিভাগের প্রধান মুখ্য বনপাল রাজেশ কুমার জানিয়েছেন,বিষয়টি নিয়ে বনমন্ত্রীই যা বলার বলবেন। বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ জানান, আধিকারিকরা বিষয়টি দেখছেন। এ নিয়ে তিনি কিছু বলবেন না।