নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়ার ইন্দাসের মির্জাপুরে সাঁতরা বাড়িতে কালীপুজো মানেই এক অন্য ছবি। এখানে মাটির প্রতিমা নয়, বাড়ির বড় বউ-ই পূজিত হন দেবী রূপে। পরিবার সূত্রে খবর, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রীতিই চলে আসছে। এটাই নাকি এই পরিবারের নীতি। জানা গিয়েছে, এই বাড়ির বড় বধূ হীরাবালা সাঁতরা। গত প্রায় ৪০ বছর ধরে তিনিই মা কালী রূপে পূজিতা হয়ে আসছেন।
কীভাবে হয় এই পুজো?
পুজোর দিন হীরাবালা দেবীকে দেবীর আসনে বসানো হয়। গলায় পরানো হয় রক্তজবার মালা। কপালে আঁকা হয় লাল চন্দনের তিলক। এই বেশেই তিনি হয়ে ওঠেন মা মুন্ডমালিনী! পরিবারের দাবি, পুজোর সময় স্বয়ং মা কালী হীরাবালা দেবীর শরীরে ভর করে থাকেন। পুরোহিত তাঁকে দেবী রূপেই পুজো করেন। আশেপাশের গ্রাম থেকে বহু দর্শনার্থীরা এই জীবন্ত কালীর পুজো দেখতে সাঁতরা বাড়িতে ভিড় জমান। শুধু পুজোর দিনই নয়, পরের দিনও নিয়ম মেনে আরও একবার জ্যান্ত মাকে পুজো করে বরণ করা হয়। তারপর ঘট বিসর্জন করা হয়।
হীরাবালা দেবী বলেন, “প্রায় ৪০ বছর ধরে আমাকে দেবীর আসনে বসানো হয়। মায়ের ইচ্ছাতেই আমি পবিত্র ওই আসনে বসি। পুজোর সময় আমি বাস্তব জগত থেকে যেন হারিয়ে যাই। অদ্ভুত এক অনুভূতি আমাকে ঘিরে রাখে। পুজোর পর ধীরে ধীরে স্বাভাবিক হই।”
পরিবারের দাবি, সাঁতরা পরিবারের কোনও এক পূর্বপুরুষকে কালীমা স্বয়ং স্বপ্নাদেশ দিয়েছিলেন — বাড়ির বড় বধূকে কালী রূপে পুজো করার। সেই থেকেই আজও পরিবারের বড় বধূকে পুজো করার নিয়ম চলে আসছে। ৪০ বছর ধরে একই রীতি। একই বাড়ি। একই দেবীর আসনে একই মানুষ। স্বপ্নাদেশ থেকে শুরু হওয়া এই প্রথা কি শুধুই ভক্তি, নাকি এর আড়ালে রয়েছে বংশপরম্পরায় চলে আসা কোনও অলিখিত নিয়ম, যা ভাঙার সাহস নেই কারও?