সঞ্জয় মাঝি, বজবজ: ঘরছাড়া হওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন দক্ষিণ ২৪ পরগণার বজবজের ২ নম্বর ব্লকের অন্তর্গত রায়পুর পঞ্চায়েত এলাকার মানুষেরা । , রায়পুরের নদী বাঁধে হঠাৎ দেখা যায় ধস। ফলে যেকোনো মুহূর্তে নদী গর্ভে চলে যেতে পারে,তাদের সহায়, সম্বল বাড়িঘর সবকিছুই।
আতঙ্কিত সাধারণ মানুষেরা দাবি করেন, এই সমস্যা একদিনের জন্য নয়, বছরের পর বছর ধরে পি ডব্লিউ ডি একাধিকবার কাজ করার জন্য দেখভাল শুরু করেন। গত বছর এই ঘটনা ঘটেছিল। সেখানে বলা হয়েছিল রাজ্য সরকার পক্ষ থেকে ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু কোন লাভ হয়নি। প্রশাসন শুধু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন।
মঙ্গলবার এই খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শনে যান, ২ নম্বর ব্লকের সভাপতি সুব্রত ব্যানার্জি। তিনি সংবাদ মাধ্যমকে জানান, মঙ্গলবার থেকেই এই বাঁধ মেরামতের কাজ শুরু হওয়ার কথা ছিল, তবে কিছু কারণ বশত তা শুরু করা যায় নি। তবে বুধবার সকাল থেকেই শুরু হয়েছে বাঁধ মেরামতের কাজ। কিছু বালির বস্তা দিয়ে নদীর জল আটকানোর সাময়িক ব্যবস্থা করা হচ্ছে। কিছুদিনের মধ্যেই বাঁশ দিয়ে পাইলিং করা হবে। পাশাপাশি তিনি এও বলেন, এই বাঁধে ধস নামার খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই জানান হয়েছে। তিনি যত তাড়াতাড়ি সম্ভব বাঁধ মেরামতির নির্দেশ দিয়েছেন।
তবে কতদিনে আতঙ্কিত এলাকার মানুষদের এই আতঙ্ক কাটে , সম্পূর্ণরূপে বাঁধ মেরামতের কাজ হয়, সেই দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার মানুষেরা।
