অর্পিতা মুখার্জী, কলকাতা: সন্ধ্যা ৭টা। কালীপুজোর আলোয় ঝলমল করছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট। যে পাড়াকে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া বলে চিনত গোটা কলকাতা, সেখানেই মঙ্গলবার সন্ধ্যায় পা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তাঁকে দেখতে এলাকায় ভিড় জমিয়েছিলেন আট থেকে আশি। অনেকেই ছিটিয়ে বরণ করেছিলেন মুখ্যমন্ত্রীকে।
গতকাল তাঁর প্রথম গন্তব্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের কালীপুজো। সেখানে গিয়ে প্রতিমা দর্শন করে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি ঘুরে দেখলেন আশপাশের আরও বেশ কয়েকটি প্যান্ডেল। তার মধ্যে ছিল সেবক সংঘ, তরুণ যুবক সংঘ। এই দুটি মণ্ডপ একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশেই।
গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকেই হেঁটে গিয়েছেন শুভেন্দু। কিন্তু থামেননি সেখানে। তবে সি সব কিছুর মধ্যেই মমতার ভাইয়ের সঙ্গে শুভেন্দুর ঘনিষ্টতা ছিল দেখার মত। যা নিয়ে ইতিমধ্যে আলোচনাও শুরু হয়েছে রাজনীতির বিভিন্ন মহলে।
উল্লেখ্য, বাবুন বন্দ্যোপাধ্যায় কালীঘাট স্পোর্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক। বছরের পর বছর ধরে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এই কালীপুজোর আয়োজন করে আসছেন তিনি। গতকাল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তিনি বলেন, “আজ আমার কাছে খুব আনন্দের দিন। মুখ্যমন্ত্রী আমার পুজোয় এসেছেন, আমার রক্তদান শিবিরেও গিয়েছেন।” এমনকি শুভেন্দুকে নিজের অভিভাবক বলেও উল্লেখ করেন বাবুন। তাঁর কথায়, “দাদা এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।”
বর্তমানে ভাই বাবুনের সঙ্গে মমতার দূরত্ব সবার জানা। বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই ফাঁটল ধরেছিল সম্পর্কে। পরে বাংলায় রাজনৈতিক পালাবদলের পর থেকে বাবুন বারবারই জানিয়েছেন, তিনি বিজেপির সঙ্গেই আছেন।
গতকাল হঠাৎ মমতার পাড়ায় আসা নিয়ে শুভেন্দুকে প্রশ্ন করা হলে তিনি জানান, হরিশ চ্যাটার্জি স্ট্রিট তাঁরই বিধানসভা কেন্দ্র ভবানীপুরের মধ্যে পড়ে। তাই বিধায়ক হিসেবে এলাকার মানুষের উৎসবে যোগ দেওয়া তাঁর দায়িত্বের মধ্যেই পড়ে।
অন্যদিকে বাবুনের সঙ্গে মুখ্যমন্ত্রীর ভাব দেখে ইতিমধ্যেই রাজনৈতিক প্রতিক্রিয়া দিয়েছেন বিধায়ক কুণাল ঘোষ। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই এই ব্যক্তিকে ভাই হিসেবে ত্যাগ করেছেন। তাঁরা একসঙ্গে থাকেনও না। তাঁর আচরণ নিয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর মমতা তাঁকে পরিবারের বৃত্ত থেকে সরিয়ে দিয়েছেন।” কুণালের আরও অভিযোগ, মুখ্যমন্ত্রীর এই সফরের সময় হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া সমস্ত ব্যানার-পোস্টার পুলিশ জোর করে সরিয়ে দিয়েছে।