অর্পিতা মুখার্জী, কলকাতা: সাতসকালে মৃত্যুর মুখ থেকে ফিরলেন শত শত যাত্রী। কলকাতা থেকে মিজোরামগামী কলকাতা-সাইরাং এক্সপ্রেস ভয়াবহভাবে লাইনচ্যুত হয়েছে অসমে। জানা যাচ্ছে, বুধবার ভোরে গুয়াহাটি স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় বিপত্তি। গুয়াহাটি থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে, দিগারুর কাছে সকাল ৬টা ৫৪ মিনিটে আচমকা কেঁপে ওঠে গোটা ট্রেন।
প্রত্যক্ষদর্শী যাত্রীদের দাবি, প্রথমে ইঞ্জিনটি লাইন থেকে ছিটকে যায়। সেই ধাক্কাতেই পরপর পাঁচটি কামরা বেলাইন হয়ে যায়। মুহূর্তের মধ্যে চারদিকে চিৎকার, কান্না আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে উদ্ধারকাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীদের একাংশ। তাঁদের দাবি, প্রথমে অত্যন্ত ধীর গতিতে উদ্ধার কাজ শুরু হয়েছিল।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে কলকাতা স্টেশন থেকে ছেড়েছিল ট্রেনটি। বুধবার বিকেলে মিজোরামের সাইরাংয়ে পৌঁছনোর কথা ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই লাইনচ্যুত হয়ে থমকে গেল যাত্রা। তবে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। রেলের প্রাথমিক ধারণা, এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সময় কোনও গোলমাল থেকেই এই বিপত্তি ঘটে থাকতে পারে। সকালে কুয়াশা ছিল কি না, তাও খতিয়ে দেখছে রেল। পাশাপাশি চালকের ভূমিকাও খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, খবর পাওয়ামাত্রই রেল আধিকারিকরা ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও সরকারি তথ্য নেই বলে জানিয়েছে রেল। আটকে পড়া যাত্রীদের অন্য ট্রেনে করে গন্তব্যে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।