অর্পিতা মুখার্জী, কলকাতা: উত্তরপ্রদেশের মির্জাপুরে রেললাইনে ধস নেমে বিপর্যস্ত ট্রেন চলাচল। এর জেরে শিয়ালদহ-রাজধানী সহ প্রায় ১২টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে। বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে বলেও খবর।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে মির্জাপুর-ঝিংগুরা সেকশনে। ওই অংশে লাইন নির্মাণের কাজ চলছিল। সেই সময় আচমকা মাটি ধসে যায়। মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে ছুটে যান রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ডাউন লাইনে ট্রেন চলাচল তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়। তবে আপ লাইনে পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেল।
এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত মেরামতির কাজ চলছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে রেল কর্তৃপক্ষ।
ধসের জেরে বেশ কয়েকটি ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। রেল সূত্রে খবর, ১২২৭৪, ১২৩৯৮, ১২৩৬৮ এবং ১২৯৪৭ নম্বর ট্রেনগুলিকে প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ, বারাণসী জংশন এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে গন্তব্যে পাঠানো হচ্ছে। এছাড়া ২৬৫০৫ ও ১২১৬৭ নম্বর ট্রেনের রুটও বদলে দেওয়া হয়েছে। এই ট্রেন দুটি প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ এবং বারাণসী হয়ে যাবে। আরও বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথেও বদল আনা হয়েছে।
হঠাৎ রুট বদল আর ট্রেন আটকে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কখন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে, তা এখনও জানাতে পারেনি রেল।