নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: পবিত্র দামোদর মাস উপলক্ষে মেছেদা ইসকন মন্দিরে গোবর্ধন পুজোর অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্দিরে পৌঁছে প্রথমে পুজো ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন তিনি। এরপর নিজে হাতে গো-সেবা করেন। শুধু পুজোই না, খোল বাজিয়ে ভক্তদের সঙ্গে কীর্তনেও যোগ দেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিনি প্রত্যেক বছরই এই মন্দিরে আসেন এবং গো-সেবা করেন। দামোদর মাসের এই পবিত্র সময়ে গোবর্ধন পুজোয় সামিল হতে পেরে তিনি আনন্দিত। পাশাপাশি আগামী ২২ তারিখ তিনি নবদ্বীপ যাচ্ছেন বলেও আজ আগাম ঘোষণা করেছেন। নবদ্বীপ যাওয়ার পথে মায়াপুরেও যাবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে, বাংলাদেশে সাম্প্রতিক অশান্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, চিন্তার কোনও কারণ নেই। সীমান্তে পুলিশ ও বিএসএফের ‘ডবল লেয়ার’ নিরাপত্তা বলয় রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি। ফলে অশান্তির আঁচ যে বঙ্গবাসীকে স্পর্শ করবে না, তা পরিষ্কার করে দিয়েছেন তিনি। এদিন গোবর্ধন পুজো উপলক্ষে মেছেদা ইসকন মন্দিরে তাঁর এই উপস্থিতি ঘিরে ধর্মীয় অনুষ্ঠান ও নিরাপত্তা — দুই বিষয়েই ছিল বিশেষ নজর।