ওঙ্কার ডেস্ক: মাঝেরহাট স্টেশনের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক স্কুল পড়ুয়ার। সিমেন্টবোঝাই ১২ চাকার লরির ধাক্কায় মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণির ছাত্র অনমোল ঝায়ের। টিউশন থেকে সাইকেলে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার শিকার হয় সে। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাবালকের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিউশন শেষ করে সাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিল অনমোল। সেই সময় একটি সিমেন্টবোঝাই লরি তাকে ধাক্কা মারে। ধাক্কার পর লরির চাকার নীচে চলে যায় ওই ছাত্র। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ব্যস্ত রাস্তায় দিনের বেলায় কী ভাবে এত বড় ১২ চাকার লরি চলাচল করছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। ঘটনার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, এমন ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি দুর্ঘটনাস্থল পরিষ্কার করার ব্যবস্থা করা হয়। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। লরিটির গতিবেগ বা চালকের কোনও গাফিলতি ছিল কি না, তা-ও জানা যায়নি। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।