ওঙ্কার ডেস্ক: ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে উদ্বেগ বাড়ল মার্কিন মুলুকে কর্মরত ভারতীয়দের একাংশের। ভিসা ব্যবস্থায় অনিয়মের অভিযোগ উঠেছে তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজ্যান্টের বিরুদ্ধে। অভিযোগের তদন্তের পর সংস্থাটির বিদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম বা পিইআরএম-এর আবেদন সাময়িক ভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।
উল্লেখ্য, কগনিজ্যান্টে বিপুল সংখ্যক ভারতীয় কর্মী রয়েছেন। ফলে নতুন সিদ্ধান্তের প্রভাব তাঁদের উপরও পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে যাঁরা পিইআরএম এর প্রক্রিয়ার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে থাকার স্বপ্ন দেখছিলেন, তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে। প্রায় দু’মাস আগে মার্কিন শ্রম দফতরের আধিকারিক অ্যান্থনি ডি’এসপোসিতো জানিয়েছিলেন, এইচ ১ বি ভিসা নিয়ে অনিয়মের অভিযোগে একাধিক সংস্থাকে সমন পাঠানো হয়েছে। তদন্তকারীদের সন্দেহ, মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় সংস্থা নিয়ম ভেঙে বিদেশি কর্মীদের এই ভিসা পাইয়ে দিয়েছে। কগনিজ্যান্টও সেই তদন্তের আওতায় আসে।
যদিও প্রাথমিক পর্যায়ে সংস্থাটিকে অভিযুক্ত সংস্থার তালিকায় রাখা হয়নি। পরবর্তী দু’মাসের তদন্তে কগনিজ্যান্টের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ মিলেছে বলে দাবি মার্কিন প্রশাসনের। এর পরেই সংস্থাটির পিইআরএম সংক্রান্ত আবেদন আটকে দেওয়া হয়। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এ বিষয়টি নিয়ে সরব হয়েছেন অ্যান্থনি ডি’এসপোসিতো। তাঁর বক্তব্য, ভিসা ব্যবস্থায় অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।