নিজস্ব সংবাদদাতা: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে আগের সরকার শত শত কোটি টাকা খরচ করলেও রাজ্যে কোনও শিল্প আসেনি, রবিবার এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, আগের আমলে শিল্পের নামে প্রতারণা হয়েছে, এখন তাঁর সরকার প্রতি মাসে নতুন শিল্পের কাজ করবে।
রবিবার কোজাগরী লক্ষ্মীপুজোর দিন উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের পুজোয় পদপিষ্ট হয়ে মৃত ১৭ জনের মধ্যে থাকা পূর্ব মেদিনীপুরের রামনগরের বাসিন্দা কল্পনা জানার বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর পরিবারের হাতে সরকারি সাহায্য তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ওই পরিবারের দুই খুদে সদস্যের অভিভাবক হিসেবে তিনি পাশে থাকবেন। বাকি দুই মৃত ভিনরাজ্যের বাসিন্দা, তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন প্রতিমন্ত্রী উমেশ রাই।
কল্পনার বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীপুজোর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এটি বাঙালি হিন্দুদের পুজো এবং তাঁর একটাই প্রার্থনা, রাজ্যে অর্থনৈতিক সমৃদ্ধি আসুক, যুবক-যুবতীদের কর্মসংস্থান হোক, পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরুক এবং কৃষকদের ভালো হোক।
এরপরই রাজ্যের শিল্প প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে, ভূমিপুজন করে এসেছেন তাঁরা। এই প্রক্রিয়া লাগাতার চলবে, প্রতি মাসেই নতুন কিছু করা হবে। বড় বড় শিল্পগোষ্ঠী, রাজ্য ও জাতীয় স্তরের উদ্যোগপতিরা আগ্রহ দেখাচ্ছেন বলে জানান তিনি।
একই সঙ্গে আগের তৃণমূল সরকারের বাণিজ্য সম্মেলনকে কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, তাঁর সরকারে সবাইকে স্বাগত, শুধু প্রতারক না হলেই হল। আগের সরকার সব প্রতারণা করেছে, বিজিবিএস করে শত শত কোটি টাকা নষ্ট করেছে। তাঁরা চা-বিস্কুট, চা-শিঙাড়া বৈঠকেই কাজ সারেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, স্বাস্থ্য থেকে শিক্ষা, সর্বত্র কাজ হবে। এবার যুবক-যুবতীদের স্কিল ডেভেলপমেন্টে জোর দেওয়া হচ্ছে, বিভিন্ন আইআইটির সঙ্গে চুক্তি হচ্ছে এবং আদানি সহ বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।