নিজস্ব প্রতিনিধি, নদিয়া: মেয়ের বাড়িতে লক্ষ্মীপুজোর অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা। সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল মায়ের, আহত হলেন ছেলে ও মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নদিয়ার নবদ্বীপের গাজনতলা থেকে মাধবী বিশ্বাস (৫৫) ছেলে ও মেয়েকে নিয়ে স্কুটিতে চেপে বড় মেয়ের বাড়িতে লক্ষ্মীপুজোয় যাচ্ছিলেন। ছেলেই স্কুটি চালাচ্ছিল। কৃষ্ণনগর কোতোয়ালি থানার চামটা মোড়ে আসতেই উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া সিমেন্ট বোঝাই লরি পথের ভুল দিকে ঢুকে সরাসরি স্কুটিতে ধাক্কা মারে।
ধাক্কার তীব্রতায় স্কুটি থেকে ছিটকে পড়েন তিনজনই। মাধবী বিশ্বাস পড়ে যান লরির চাকার তলায়। লরিটি তাঁকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আহত হন ছেলে ও মেয়ে।
অভিযোগ, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপরই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। লক্ষ্মী পুজোর সকালে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশের দেরিতে আসা নিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা, শুরু হয় বিক্ষোভ। দুর্ঘটনার জেরে নবদ্বীপ ঘাট-কৃষ্ণনগর রোডে দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।