নিজস্ব প্রতিনিধি, সামশেরগঞ্জ: ফের বড়সড় সাফল্য পেল জঙ্গিপুর পুলিশ জেলা। আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল সামশেরগঞ্জ থানার পুলিশ। সূত্রের খবর, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে চসকাপুর ঘোড়ামারা মোড় এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই ২০ বছর বয়সি রুহুল শেখ নামে এক যুবককে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলার জিকোরঘাঁটি এলাকায়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি দেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃতকে আজ রবিবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে।
এই গ্রেফতারি নিয়ে রবিবার সামশেরগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করে পুলিশ। উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস, ফরাক্কার এসডিপিও দীপেন্দ্র তামাং এবং সামশেরগঞ্জ থানার আইসি কুনাল কান্তি দাস।
পুলিশের অনুমান, অস্ত্র পাচারের উদ্দেশ্যেই ওই যুবক এলাকায় এসেছিল। কোথা থেকে অস্ত্র নিয়ে এসে কোথায় নিয়ে যাচ্ছিল, এর পিছনে বড় কোনও চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস এবং সরবরাহ নেটওয়ার্কের খোঁজ চালাচ্ছে পুলিশ।