গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: প্রেমঘটিত বিবাদের জেরে উত্তপ্ত হয়ে উঠল ক্যানিংয়ের সাতমুখী বাজার। সিভিক ভলান্টিয়ারকে একা পেয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক যুবতীর পরিবারের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের সাতমুখী বাজার এলাকায় এক যুবতীর সঙ্গে দুই যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সেই নিয়ে শুক্রবার রাতে বাজারের মধ্যে দুই যুবকের মধ্যে তীব্র বচসা শুরু হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ ক্যাম্পের কর্মী ও কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা। পুলিশ দুই পক্ষকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।
অভিযোগ, শনিবার রাত প্রায় ৯টা নাগাদ ফের সাতমুখী বাজারে ছিলেন সিভিক ভলান্টিয়ার ধীমান প্রামাণিক। সেই সময় তিনি একা ছিলেন। অভিযোগ, ওই সুযোগে যুবতীর পরিবারের লোকজন তাঁর উপর চড়াও হয় এবং ঘিরে ধরে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা ও পুলিশ ছুটে এসে তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
এই ঘটনায় আক্রান্ত সিভিক ভলান্টিয়ার ধীমান প্রামাণিক ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।