ওঙ্কার ডেস্কঃ হুমকি মেলকে পাত্তা দিলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যপালকে উড়িয়ে দেওয়ার মত হুমকি এলেও, রাজ্যপাল বলেছিলেন, নিরাপত্তা ছাড়াই রাস্তায় নামবেন। শুক্রবার তাই করলেন তিনি। শুক্রবার সকালে নামমাত্র নিরাপত্তা নিয়েই খাস কলকাতার ডেকার্স লেনে হাজির হলের খোদ রাজ্যপাল।
জানা গিয়েছে, নাম মাত্র নিরাপত্তা নিয়েই বেরোন রাজ্যপাল। লোকভবন থেকে বেরিয়ে এসপ্ল্যানেডের অত্যন্ত পরিচিত ডেকার্স লেনে যান তিনি। সেখানে ঘোরেন। সাধারণ মানুষ, ব্যাবসায়ীডেড় সঙ্গে কথা বলেন। তারপর সটান হাজির হন চিত্তবাবুর দোকানে। সেখানেও তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে বলতে প্রাতরাশ সারেন তিনি। চকোলেট তুলে দেন ব্যবসায়ীদের হাতে। রাজ্যপালকে এভাবে কাছে পেয়ে আপ্লুত ব্যবসায়ীরা। অর্থাৎ হুমকির পর রাজপথে নেমে তিনি বোঝালেন, তাঁকে ভয় দেখানো যাবে না।
বৃহস্পতিবার গভীর রাতে লোকভবন সূত্রে জানা যায়, রাজ্যপালকে খুনের হুমকি পাঠানো হয়েছে। তাতে স্পষ্ট লেখা, রাজ্যপালকে “উড়িয়ে দেওয়া হবে”। রাতেই নড়েচড়ে বসেন দায়িত্বপ্রাপ্ত কর্তারা। রাজ্যপালের নিরাপত্তা খতিয়ে দেখার পাশাপাশি শুরু হয় তদন্তও। জরুরি বৈঠক ডাকা হয়। বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়েছে। রাজ্যপালকে লক্ষ্য করে এর আগেও বেশ কয়েকবার হুমকি এসেছে বলে জানিয়েছন লোকভবনের কর্তারা।
