ওঙ্কার ডেস্ক: ব্যবসায়িক কাজে ভারতে এসে হায়দরাবাদের একটি হোটেলে মৃত্যু হল ৪১ বছর বয়সি এক মার্কিন নাগরিকের। গাচিবাউলির ম্যারিয়ট এক্সিকিউটিভ অ্যাপার্টমেন্টের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে সাইবারাবাদ কমিশনারেটের অধীন গাচিবাউলি থানার পুলিশ। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মিচেল ব্রায়ান লি। তিনি আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। গত ২ নভেম্বর ব্যবসায়িক সফরে সঙ্গী ডেভিডকে নিয়ে হায়দরাবাদে এসেছিলেন। দু’জনেই গাচিবাউলির এসএলএন টার্মিনাস এলাকার ওই হোটেলে থাকছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, হোটেলের ১২ তলার ১২১৮ নম্বর ঘরে ছিলেন লি। গত ৪ নভেম্বর সন্ধ্যার পর থেকে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। বারবার ফোন করেও সাড়া না মেলায় সন্দেহ হয় হোটেল কর্মীদের।
এরপর ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ চাবি দিয়ে ঘরটি খোলেন হোটেলের কর্মীরা। ভিতরে বিছানার উপর অচেতন অবস্থায় লিকে পড়ে থাকতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে ১০৮ নম্বর জরুরি অ্যাম্বুল্যান্স পরিষেবায় খবর দেওয়া হয়। খবর পেয়ে হোটেলে পৌঁছন চিকিৎসাকর্মীরা। পরীক্ষা করে তাঁরা জানান, মৃত্যু হয়েছে ওই মার্কিন নাগরিকের। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসাকর্মীরা তাঁকে মৃত অবস্থায় পান। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে গাচিবাউলি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘরটি পরীক্ষা করে তদন্ত শুরু করেন আধিকারিকরা। কী পরিস্থিতিতে লির মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।