ওঙ্কার ডেস্ক: কলকাতায় জমা জলের জেরে প্রাণ হারালেন অন্তত সাত জন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পর পর এই মৃত্যুর ঘটনা বলে জানা গিয়েছে। উল্লেখ্য, সোমবার রাতভর অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। মঙ্গলবার সকালে ব্যবসার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়েছিলেন ফল বিক্রেতা বাবু কুণ্ডু। কিন্তু সেই বেরোনোই কাল হল। এদিন সকালে নেতাজিনগর এলাকায় বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই তড়িদাহত হয়ে মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় ফল বিক্রেতা ৭০ বছর বয়সী বাবু কুণ্ডুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিন জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে গড়িয়াহাট থানা এলাকার বালিগঞ্জ প্লেসে এক ব্যক্তির। একই ভাবে ইকবালপুরের হোসেন শাহ রোডে প্রাণ হারান জিতেন্দ্র সিং নামের আর এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জিতেন্দ্র মঙ্গলবার সকালে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় খোলা তারের সংস্পর্শে আসার পর বিদ্যুতের শক খেয়ে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অন্য দিকে, বেনিয়াপুকুরের সিআইটি রোডে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের অনুমান জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি প্রাণ হারিয়েছেন। মৃত ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পুজোর আগে বানভাসি কলকাতা-সহ রাজ্যের বহু এলাকা। পুজোর মুখে বৃষ্টিতে এমন বিপর্যয়, এবং তার ফলে পর পর মৃত্যু উৎসবের আনন্দ মলিন করে দিয়েছে।
