ওঙ্কার ডেস্ক: দীপাবলির আনন্দ মুহূর্তে বদলে গেল শোকে। দিল্লির নরেলায় বাজি ফাটাতে গিয়ে প্রাণ হারাল ১০ বছরের এক শিশু। মৃতের নাম ঋষি। রবিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বাজি পোড়ানোর সময় এই দুর্ঘটনা ঘটে। পরিবারের সঙ্গে আকাশে রকেট ওড়ানোর চেষ্টা করছিল ঋষি। অভিযোগ, আকাশের দিকে না উঠে রকেটটি সোজা শিশুটির বুকে এসে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে নরেলার সত্যবাদী রাজা হরিশচন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তবে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে মৃত শিশুর পরিবার। তাদের অভিযোগ, সময়মতো চিকিৎসা শুরু হলে ঋষিকে বাঁচানো সম্ভব হতে পারত।
ঋষির দাদা মোহিতের দাবি, ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা জরুরি পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত পদক্ষেপ করেননি। তাঁর কথায়, চিকিৎসকেরা ধীরগতিতে এগিয়ে এসে শুধু ভাইয়ের বুকে চাপ দিতে থাকেন। হাসপাতাল কর্তৃপক্ষ ঋষিকে মৃত ঘোষণা করার পর সেখানে পৌঁছন তার বাবা। ছেলের মৃত্যুর খবর শুনে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বাবার দেখাশোনায় ব্যস্ত হয়ে পড়েন মোহিত। সেই সময়ই অভিযোগ, পরিবারের কাউকে না জানিয়ে ঋষির দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়।
মোহিতের দাবি, তাঁর ভাই তখনও বেঁচে ছিল। দ্রুত ও যথাযথ চিকিৎসা পেলে তাকে বাঁচানো যেত বলেও দাবি তাঁর।
ঋষির মা অঞ্জলিও হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন। তাঁর বক্তব্য, বাজির মধ্যে ফুলঝুরি ও আকাশে ওড়ানো রকেট ফাটানোর সময় পিছন দিক থেকে একটি বাজি এসে ঋষির বুকে লাগে। তাতে তার ধমনী ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি পরিবারের। আহত অবস্থাতেও শিশুটি শ্বাস নিচ্ছিল। তাই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে যথাযথ চিকিৎসা মেলেনি বলে অভিযোগ অঞ্জলির।
এদিকে দীপাবলির রাতে দিল্লি দমকল বিভাগে মোট ২৫৭টি জরুরি ফোন আসে। তার মধ্যে ২১৪টি ফোন ছিল অগ্নিকাণ্ড সংক্রান্ত। এই অগ্নিকাণ্ডের অভিযোগগুলির মধ্যে ২৪টি ছিল বাজি থেকে আগুন লাগার ঘটনা। দমকল বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, রাত ৮টা থেকে ১০টার মধ্যে সবচেয়ে বেশি জরুরি ফোন আসে। ওই দুই ঘণ্টায় ফোনের সংখ্যা ছিল ৮৫। রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত আরও ৬১টি ফোন পেয়েছিল দমকল বিভাগ।