ওঙ্কার ডেস্ক: দ্রুত বিপুল অর্থ উপার্জনের নেশায় ভয়াবহ অপরাধ করে বসল যুবক। অভিযোগ ছত্তীসগঢ়ের ওই যুবক সমাজমাধ্যমে টাকা রোজগারের রাস্তা খুঁজতে গিয়ে অনলাইনে মানবদেহের অঙ্গ বিক্রির পরিকল্পনা করেন। সেই উদ্দেশ্য পূরণ করতে নিজের পিসতুতো ভাইয়ের চার বছরের ছেলেকে খুনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, শিশুটিকে হত্যার পর তার কিডনি, ফুসফুস এবং চোখ বের করে নেন অভিযুক্ত। পরে দেহ লুকিয়ে রাখেন একটি মাঠের গর্তে। শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি। গ্রেফতারের সময়কার একটি ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বাসুদেব ওরফে টাংনু। বয়স ২৭ বছর। জশপুর জেলার লোধেনাপথ মহুয়া গ্রামের একটি মাঠে জলভর্তি গর্ত থেকে শিশুটির বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। রবিবার এই ঘটনায় বাসুদেবকে গ্রেফতার করে পুলিশ। মৃত শিশুর নাম জিতেন্দ্র রাম। গত ৫ নভেম্বর থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। জশপুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) লাল উমেদ সিংহ জানিয়েছেন, শিশুটির বাবা রামজিৎ রাম শনিবার সান্না থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছিলেন। প্রায় এক বছর আগে কাজের সূত্রে সপরিবারে সান্না গ্রামে চলে আসেন রামজিৎ। আমাচুয়া নদীর বাঁধের কাছে একটি কুঁড়েঘরে থাকতেন তাঁরা। রামজিতের মামাতো ভাই বাসুদেবের সেখানে নিয়মিত যাতায়াত ছিল। শনিবার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ছেলেকে খুঁজতে বেরিয়েছিলেন রামজিৎ। তখনই একটি ভুট্টাক্ষেতের পাশে জলভর্তি গর্তে বস্তাবন্দি অবস্থায় ছেলের দেহ দেখতে পান তিনি। কম্বল ও কাঁথায় মোড়ানো দেহটি মাটির নীচে আংশিকভাবে চাপা দেওয়া ছিল।
ঘটনার তদন্তে নেমে পুলিশ পাশের চালনি গোররাপথ গ্রামের বাসিন্দা বাসুদেবকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করেছেন অভিযুক্ত। তিনি জানিয়েছেন, দিনমজুরের কাজ করে যে সামান্য আয় হত, তাতে সন্তুষ্ট ছিলেন না। আরও বেশি টাকা রোজগারের আকাঙ্ক্ষা থেকেই এমন অপরাধের পরিকল্পনা করেন। তদন্তকারীদের দাবি, দ্রুত অর্থ উপার্জনের উপায় জানতে বাসুদেব নিয়মিত সমাজমাধ্যমে খোঁজখবর করতেন। সেখান থেকেই শিশুদের অঙ্গপ্রত্যঙ্গ সংগ্রহ করে বিক্রির পরিকল্পনা করেন।