অর্পিতা মুখার্জী: আর মাত্র ক’দিন। তারপরেই বাড়বে শীতের প্রকোপ। দোসর হবে কুয়াশা। কিন্তু দিল্লিতে অতিরিক্ত দূষণের ফলে এই কুয়াশা বাড়াবাড়ি আকার নেয় প্রতিবছর। তাই এবার আগে থাকতেই তৎপর দিল্লির রেখা সরকার। শীতের ধোঁয়াশা মোকাবিলায় দিল্লি-এনসিআর জুড়ে আজ, অর্থাৎ ১ নভেম্বর থেকেই কড়া বিধিনিষেধ চালু হল। মুখ্যমন্ত্রীর দফতরের নির্দেশ অনুযায়ী, ১ নভেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত রাজধানীতে পুরনো গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা-সহ একগুচ্ছ নিয়ম কার্যকর হচ্ছে।
কী কী নতুন নিয়ম?
১. পুরনো গাড়িতে নিষেধাজ্ঞা: দিল্লির বাইরে রেজিস্টার্ড যেসব গাড়ি বিএস-৬ মানের নয়, সেগুলি দিল্লিতে ঢুকতে পারবে না। নয়ডা, গুরগাঁও, ফরিদাবাদ, গাজিয়াবাদ থেকে আসা প্রায় ১০ লক্ষ পুরনো পেট্রোল-ডিজেল গাড়ির উপর এর প্রভাব পড়বে। তবে বৈদ্যুতিক গাড়ি, সিএনজি গাড়ি এবং অ্যাম্বুলেন্স, দমকলের মতো জরুরি পরিষেবার গাড়ি ছাড় পাবে।
২. নির্মাণ কাজ বন্ধ: ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ধুলো তৈরি হয় এমন সব ভাঙা ও বাইরের নির্মাণ কাজ বন্ধ থাকবে। কিছু জরুরি সরকারি পরিকাঠামো প্রকল্প শর্তসাপেক্ষে ছাড় পাবে। তবে ধুলো নিয়ন্ত্রণ বিধি মেনে ভিতরের ফিনিশিং, প্লাম্বিং ও ইলেকট্রিকের কাজ চলতে পারে।
৩. ৫০ শতাংশ ওয়ার্ক ফ্রম হোম: সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মীকে সশরীরে হাজির থাকতে বলা হয়েছে। বাকিদের বাড়ি থেকে কাজ করতে হবে। জরুরি পরিষেবা এই নিয়মের বাইরে থাকবে।
৪. অফিস সময় ও পার্কিং ফি: ভিড় কমাতে অফিসের সময় বদলানো হয়েছে। পুরনিগমের অফিস চলবে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা, দিল্লি সরকারের অফিস সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। গাড়ির ব্যবহার কমাতে কিছু জায়গায় পার্কিং ফি দ্বিগুণ করা হচ্ছে। তবে দিল্লি মেট্রোর পার্কিং এই বৃদ্ধির আওতায় পড়ছে না।
৫. পিইউসি না থাকলে তেল নয়: ১ নভেম্বর থেকে পেট্রোল পাম্পে ‘নো পিইউসি, নো ফুয়েল’ নীতি চালু হচ্ছে। দিল্লির ৫০০ পাম্পে এএনপিআর ক্যামেরা বসানো হয়েছে, যা গাড়ির নম্বর স্ক্যান করে পিইউসি যাচাই করবে। বৈধ পিইউসি না থাকলে তেল বা সিএনজি দেওয়া হবে না।
নিয়ম ভাঙলে এআই ক্যামেরা ও অটোমেটিক নম্বর প্লেট রিডারের মাধ্যমে ই-চালান কাটা হবে। এর জন্য ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার (আইসিসিসি) থেকে নজরদারি চালানো হবে।
প্রতিবেশী শহর থেকে দিল্লি যাতায়াতকারীদের গাড়ির কাগজপত্র ও বিএস-স্ট্যান্ডার্ড আগেই দেখে নিতে বলা হয়েছে। যাতে সীমান্তে ফিরে আসতে না হয় বা জরিমানা না গুনতে হয়। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বাসিন্দাদের নিয়ম মানার আবেদন জানিয়েছেন। যাত্রীদের দিল্লি ট্রাফিক পুলিশের আপডেটে নজর রাখতে বলা হয়েছে।