অর্পিতা মুখার্জী, কলকাতা: থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর ফুকেতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল অন্তত ১১ জনের। সোমবার ভোরে সেখানে একটি দোকানঘরে আচমকা আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলিতেও। ফুকেতের পুলিশ জানাচ্ছে, দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৬ জন। তবে মৃতদের মধ্যে কোনও পর্যটক নেই বলেই জানিয়েছে পুলিশ।
সোমবার ভোর ৩টের কিছু পরে (স্থানীয় সময়ে) অগ্নিকাণ্ডটি ঘটে। সেখানে একটি দোকানঘর থেকে গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা চলত। পুলিশ সূত্রে রয়টার্স জানাচ্ছে, ওই দোকান থেকেই আগুন ছড়ায় আশপাশের ভবনগুলিতে। শেষে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফুকেতের স্থানীয় পুর কর্তৃপক্ষ জানাচ্ছেন, ওই দোকানঘরের নীচতলায় অন্তত ১০০টি বাইক পার্ক করা ছিল। ওই গাড়িগুলি এবং তার রবারের টায়ার, প্লাস্টিকের যন্ত্রাংশগুলিতেও আগুন ধরে যায়। সেগুলি দাহ্য হওয়ার ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। স্থানীয় সূত্রের খবর, অগ্নিকাণ্ডের জেরে ওই এলাকায় অন্তত পাঁচটি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পুড়ে গিয়েছে বেশ কয়েকটি বাইক।
প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ধোঁয়ায় শ্বাসরোধ হওয়ার ফলেই মৃত্যু হয়েছে বেশির ভাগের। যে ১৬ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে ১৫ জনই থাইল্যান্ডের নাগরিক। এক জন বিদেশি। তিনি মায়ানমারের বাসিন্দা।
কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের জেরে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ব্যাংকক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ফুকেতের গভর্নর চোটেনারিন কের্ডসম বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে দেখা গিয়েছে, দোকানটির সামনের একটি বিদ্যুতের খুঁটিতে সম্ভবত শর্ট সার্কিট হয়েছিল। তবে বিষয়টি এখনও তদন্তসাপেক্ষ বলে জানান তিনি। উল্লেখ্য, চার মাস আগে ব্যাংককের এক পানশালায় আগুন লেগেছিল। ওই দুর্ঘটনায় অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছিলেন।