ফের সংসদে ডিলিমিটেশন বিল
এই মুহূর্তে জাতীয় রাজনীতির সবচেয়ে বড় আলোচিত বিষয় ডিলিমিটেশন বিল। বাদল অধিবেশনে এই বিল এনে পিছু হটতে হয়েছিল মোদী সরকারকে। প্রথমত বিলটি পাশ করার মতো প্রয়োজনীয় সমর্থন ছিল না। দ্বিতীয়ত, এই বিল নিয়ে তুমুল ঝড় চলে গোটা অধিবেশন ঘিরে। অবশেষে অধিবেশনকে সিনে ডাই করে আপাতত বিরোধীদের প্রবল চাপ থেকে মুক্তি পথের যেতে হয়েছিল কেন্দ্রকে। তবে এই বিল পাশ করাতে বিজেপি সরকার যে মরিয়া তার ইংগিত তখনই মিলেছিল। যে কোনো সময় বিশেষ অধিবেশন ডেকে এই বিলটি যাতে ফের উত্থাপন করা যায় সে জন্য বাদল অধিবেশনকে সিনে ডাই করা হয়েছিল। সেই মতো খুব শিগগির ফের ওই বিল আনতে চলেছে কেন্দ্র, এমনটাই শোনা যাচ্ছে। ২০ থেকে ২২ নভেম্বরের মধ্যে এই বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা রয়েছে বলে ওয়াকিবহাল মহলে কথাটা উঠেছে। যেহেতু গত অধিবেশন সিনে ডাই করে দেওয়া হয়েছিল তাই সংসদীয় নিয়মে দু দিনের বিজ্ঞপ্তি জারি করে এই অধিবেশন ডাকার আইন রয়েছে। এনসিপির সাংসদদের আগামী দু’ দিন দিল্লি বা কলকাতার বাইরে না যাওয়ার হুইপ জারি হওয়ায় এই সম্ভাবনাকে আরও উস্কে দিয়েছে। কথা হল, কেন এই বিল ঘিরে এত শোরগোল ? তার কারণ ডিলিমিটেশন শুধু নির্বাচনী এলাকার সীমানা পরিবর্তন নয়, তার সঙ্গেও যুক্ত রয়েছে সংসদে কোন রাজ্যের কত প্রতিনিধিত্ব থাকবে। লোকসভার আসন সংখ্যা বর্তমান ৫৪৩ থেকে সর্বোচ্চ ৮৫০ করার প্রস্তাব রয়েছে এই বিলে। এই সঙ্গে রয়েছে- লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পথ তৈরি করা এবং নতুন করে নির্বাচনী কেন্দ্রের সীমানা নির্ধারণ। আসলে এই বিলের ভারকেন্দ্র ২০২৯-এর লোকসভা নির্বাচন। বিজেপি সরকার যে সুকৌশলে গো বলয়ে তাদের আসন সংখ্যা বাড়িয়ে নিতে চাইছে এটা বিরোধীদের কাছে আশঙ্কার কারণ। বিশেষ করে পশ্চিমবঙ্গ, দক্ষিণ ভারতের রাজ্যগুলি এবং বিরোধী দলগুলির কাছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ডিলিমিটেশন শুধু নির্বাচনী এলাকার সীমানা পরিবর্তন নয়, সংসদে কোন রাজ্যের কতটা প্রতিনিধিত্ব থাকবে, তার সঙ্গেও যুক্ত। এখানেই সবচেয়ে বড় রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক। জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বণ্টন হলে উত্তর ভারতের জনবহুল রাজ্যগুলি বেশি আসন পেতে পারে। অন্যদিকে, জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল দক্ষিণ ভারতের রাজ্যগুলি সংসদে নিজেদের আপেক্ষিক প্রতিনিধিত্ব হারানোর আশঙ্কা করছে। এর ফলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজনৈতিক ভারসাম্য বেসামাল হবে। এ কারণেই দক্ষিণ ভারতের একাধিক রাজনৈতিক নেতৃত্ব আসন বণ্টনের সূত্র নিয়ে আপত্তি তুলেছে। এই পরিস্থিতিতে এমন কী হল যাতে কেন্দ্র ফের এই বিলটি নিয়ে উঠেপড়ে লাগল ! শোনা যাচ্ছে বিল পাশ করাতে গেলে প্রয়োজনীয় সমর্থন ইতিমধ্যে জোগাড় করতে পেরেছে কেন্দ্র। উপায় হিসেবে কেন্দ্র প্রতিশ্রুতি দিয়েছে প্রত্যেক রাজ্যেই ৫০ শতাংশ আসন সংখ্যা বাড়ানো হবে। সেই সঙ্গে তামিলনাডুর ডিএমকে অর্থাৎ স্ট্যালিনকে মানানো গেছে। শোনা যাচ্ছে, তাঁকে নেওয়া হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী সভায়। একই সঙ্গে এমনই কিছু রফা হয়েছে মহারাষ্ট্রের এনসিপির সঙ্গে। তবে চারদিক ধরে বেঁধে যে এবার কেন্দ্র এই বিল নিয়ে কোমোর বেঁধে নামছে তা বোঝা যাচ্ছে। প্রত্যেক রাজ্যে ৫০ শতাংশ আসন বাড়লে এমনিতেই কংগ্রেসেরও আপত্তি থাকার কথা নয়। এখন দেখার এই বিলকে কেন্দ্র করে আবার কী মেঘ ঘনায় !