অর্ণব দত্ত
যুগটা প্রযুক্তির। আর্থিক লেনদেন থেকে শুরু করে যাবতীয় নিত্যকর্ম, এমনকি বাজারহাট পর্যন্ত অনলাইনেই চলছে। ভারতের বর্তমান জনসংখ্যা ঠিক কত, তা জানা যাবে ২০২৭ সালে জনগণনার রিপোর্ট প্রকাশিত হলে। কম্পিউটার চালু করা নিয়ে বাম আমলে ব্যাপক বিতর্ক হয়েছে। অবশেষে এখন কম্পিউটার এবং স্মার্টফোনের জোয়ার সর্বত্র। নিম্নবিত্ত শিক্ষিত সমাজ, মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরা অনলাইনে সাংসারিক নানাবিধ কাজ সারছেন।
কিন্তু এদেশে এমনও বহু মানুষ আছেন যাঁরা জানেন না কীভাবে চালাতে হয় কম্পিউটার কিংবা স্মার্টফোন। বিষয়টি ডিজিটাল লিটারেসি হিসেবে পরিচিত। কেন্দ্রীয় সরকারি সূত্র্রের খবর, মোটে ৩৮ শতাংশ ভারতীয় পরিবার ডিজিটাল ডিভাইস ব্যবহার করছেন। এঁদের ভিতর ৬৭ শতাংশ শহরাঞ্চলের বাসিন্দা। আর ৩১ শতাংশ ভারতের গ্রামীণ এলাকার বাসিন্দা।
দেশের সমস্ত রাজ্যের মধ্যে কেরল ডিজিটাল লিটারেসির ক্ষেত্রে প্রথম স্থানাধিকারী রাজ্য। কেরল সরকারের দাবি, রাজ্যের বাসিন্দাদের ১০০ শতাংশ ডিজিটালি লিটারেট। এক্ষেত্রে দেশের অন্য রাজ্যগুলি পিছিয়ে। আরেকটি খবর হল, ৭৫১ মিলিয়নের চেয়ে বেশি ভারতীয় নাগরিক ইন্টারনেট ব্যবহারকারী। কেন্দ্রীয় সরকার গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযানে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এই প্রকল্প বাস্তবায়িত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার দেশের গ্রামীণ এলাকায় পরিবারপিছু একজন সদস্যকে ডিজিটালি সাক্ষর করে তোলার উদ্যোগ নিয়েছে।
এক্ষেত্রে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে প্রথম দফায় ৬ কোটি গ্রামবাসীকে প্রশিক্ষিত করা হবে। এই প্রকল্প কমন সার্ভিস সেন্টারস তথা সিএসসিএস-এর অন্তর্গত।
২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতাসীন হওয়ার পরে ২০১৫ সালে ভারত সরকার ‘ডিজিটাল ইন্ডিয়া মিশন’ চালু করেছে। এই মিশনের উদ্দেশ্য ভারতীয় নাগরিক সমাজকে ডিজিটালি ক্ষমতায়ন করা। কেন্দ্রীয় সরকারের দাবি, ২০৩০ সালের মধ্যে ভারতের মোট জিডিপির অন্তত ২০ শতাংশ ডিজিটাল অর্থনীতির মাধ্যমে পরিচালিত হবে। ২০১৪ সালের পর থেকে সর্বশেষ তথ্যানুসারে, ভারতে ইন্টারনেট সংযোগ ২৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি খারাপ খবর রয়েছে। বিভিন্ন সমীক্ষায় জানা গিয়েছে, ভারতের বহু এলাকায় ইন্টারনেট সংযোগ অত্যন্ত ধীর গতিতে চলছে।
অন্যদিকে, এমন অনেক ভারতীয় নাগরিক আছেন যাঁদের হাতে ইন্টাৱনেটের বিল মেটানোর মতো টাকাপয়সাই নেই। আন্তর্জাতিক সমীক্ষা অনুসারে, ভারতে ডি়জিটাল লিটারেসি নিয়ে এনডিএ সরকার উদ্যোগী হলেও বাস্তবে দেখা যাচ্ছে, এদেশের বাসিন্দা তফশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের মধ্যে সর্বশেষ রিপোর্ট অনুসারে্, মোটে ৪ শতাংশের কম্পিউটার কিংবা স্মার্ট ফোন রয়েছে। তবে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন করোনা অতিমারির সময়ে যা চালু করেছে, যার উদ্দেশ্য সারা দেশে ডিজিটাল বাস্তুতন্ত্র গঠন করা। স্কুল শিক্ষক-শিক্ষিকাদের একাংশের বক্তব্য, কীভাবে ডিজিটালি ছাত্রছাত্রীদের প্রশিক্ষিত করতে হয়, সেবিষয়ে তাঁরা কিছু জানেন না। কেননা এনিয়ে তাঁদের কোনও প্রশিক্ষণ দেওয়া হয়নি। ফলে পরিস্থিতি জটিল বলাবাহুল্য।
করোনা অতিমারির সময় থেকে আর্থিক লেনদেন ডিজিটালি হু হু করে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে ইউপিআই এবং ইলেকট্রনিক লেনদেন। এই সংবাদ জানিয়েছে অক্সফ্যাম ইন্ডিয়া ইনইক্যুয়ালিটি রিপোর্ট। ভারতের বহু নাগরিক আজও দরিদ্র। অক্সফ্যামের রিপোর্ট অনুসারে, কেন্দ্রীয় সরকারি প্রকল্প ‘ভারত নেট’-এর উপভোক্তাই হতে পারছেন না এদেশের দরিদ্র নাগরিকরা। অত্যন্ত দরিদ্র নাগরিকদের ২ দশমিক ৭ শতাংশের কম্পিউটার আছে। এঁদের মধ্যে ৮ দশমিক ৯ শতাংশ নাগরিকের ইন্টারনেট সংযোগ আছে।
ফিবছর দোসরা ডিসেম্বর ‘ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি’ দিবস পালিত হয়। এই দিবসের উদ্দেশ্য বিশ্বব্যাপী ডিজি়টাল সচেতনতা বৃদ্ধি করা। বিশেষত, শিশু এবং মহিলাদের ভিতর। ভারত সরকার সেই পথেরই পথিক। আসলে দুনিয়া এক। এককালে মানুষ চিঠি লিখত। রাণারও ছুটত ঝুমঝুম করে ঘণ্টা বাজিয়ৈ। আর প্রিয়া তাঁর শয্যার থাকতেন একাকী। সেযুগের অবসান হয়েছে। প্রযুক্তি এখন শাসন করছে গোটা দুনিয়া।
তবে বিজ্ঞান আর্শীবাদ নাকি অভিশাপ, সেকথা বলবে সময়ই। প্রযুক্তির দৌলতে টু মিনিটস নুডলসলের দৌলতে মানুষ অনেকক্ষেত্রে ধৈর্য্য হারাচ্ছেন। ভারত ভবিষ্যতে ডিজিটাল সাক্ষরতায় অগ্রগামী হবে, একথাও বলার অপেক্ষা রাখে না। কেননা যখন শুরু হয় , সেক্ষেত্রে চাকা এগিয়ে চলে শত বিপত্তি কাটিয়ে।