নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: কসবা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শাসকদলের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে বিরোধীরা। ইতিমধ্যে এই ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র-সহ তিন ছাত্রনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এই আবহে এবার অনুব্রত মণ্ডলকে টেনে জোড়াফুল শিবিরকে আক্রমণ করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।
অনুব্রত মণ্ডলকে টেনে সংবাদ মাধ্যমকে দিলীপ ঘোষ বলেন, ‘পুলিশকে হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। কী করবেন, কী না করবেন মুখে বলেছিলেন। আর এদিকে মনোজিতরা তা করে দেখিয়েছেন। তাই তৃণমূলের উচিত তাদের পুরষ্কার দেওয়া। কারণ এরা আরও এক ধাপ এগিয়ে গেছে।’ উল্লেখ্য সম্প্রতি বীরভূমের তৃণমূল নেতা বোলপুরের আইসিকে ফোনে কুকথা বলে বিতর্ক তৈরি করেছিলেন রাজ্য রাজনীতিতে। পুলিশের মা-স্ত্রী তুলে গালিগালাজ করেও তিনি গ্রেফতার হননি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে গত ২৫ জুন কসবার ল কলেজে ধর্ষণের ঘটনা ঘটে।
দিলীপ ঘোষের অভিযোগ, এমন লোকেরা পুলিশকে পরিচালনা করে। তাঁর কথায়, ‘মনোজিতের মতো লোকেরা পুলিশকে চালায়। কলেজের রাশও তাদের হাতে থাকে। কে চাকরি করবে, কে করবে না, কে পাশ করবে, করবে না, সব ঠিক করে তারা। প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সকলেই ওদের কথা মতো চলেন। এদের কোনও ক্ষমতা নেই।’ প্রসঙ্গত কসবার ধর্ষণের ঘটনায় যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে তারা হল, মনোজিৎ মিশ্র, জইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। মনোজিৎ আইনজীবী হিসেবে কাজ করত এবং কলেজেও চুক্তিভিত্তিক কর্মী ছিল।
