নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: রাজ্যে ভোটার তালিকা সংশোধনের তোড়জোড় করছে নির্বাচন কমিশন। বুথ লেভেল অফিসারদের ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে কমিশনের তরফে। এই আবহে রাজ্যের সমস্ত জেলার জেলাশাসককে বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সেই বৈঠক হওয়ার কথা। উপস্থিত থাকবেন মুখ্যসচিব মনোজ পন্থ।
সূত্রের খবর, বিহারের পর বাংলায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা করতে পারে নির্বাচন কমিশন। আর এ রাজ্যে যদি এসআইআর হয় তাহলে সেক্ষেত্রে কী করণীয়, তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। সূত্রের আরও দাবি, সম্প্রতি মুখ্যমন্ত্রী নয়া কর্মসূচি আমাদের পাড়া, আমাদের সমাধানের ঘোষণা করেছেন। প্রতি বুথে ১০ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এই কর্মসূচির আওতায়। মূলত উন্নয়নমূলক কাজের জন্য এই টাকা দেওয়া হবে। বৃহস্পতিবার নবান্নের বৈঠকে সে বিষয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি, রাজ্যের একাধিক জেলায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা মোকাবিলায় কী পদক্ষেপ করা যায়, তা নিয়েও আলোচনা হতে পারে।
প্রসঙ্গত, এদিনই পুজো সংক্রান্ত বিষয়ে নেতাজি ইন্ডোরে বৈঠক রয়েছে। সেই বৈঠকেও জেলাশাসকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সূত্রের দাবি, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে পুজো অনুদান বাবদ ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে এ বছর শেষ দুর্গা পুজো। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পুজো কমিটিগুলি ভোটের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
