ওঙ্কার ডেস্ক: চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে শুল্ক আরোপকে কেন্দ্র করে। সম্প্রতি চিনা পণ্যে ১৫৫ শতাংশ হারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই আবহে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়াতে দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎ হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট চিনের উপর ১৫৫ শতাংশ শুল্ক চাপানোর হঁশিয়ারি দেওয়ার সময় বলেছিলেন, অতিরিক্ত শুল্ক কোপ এড়াতে চাইলে ১ নভেম্বরের মধ্যে আলোচনায় বসতে হবে। পাল্টা বেজিং এর তরফেও বার্তা দেওয়া হয়। চিনের তরফে আলোচনায় বসার কথা জানানো হয়। অবশেষে আগামী সপ্তাহে ডোনাল্ড ও জিনপিং মুখোমুখি কথা বলতে চলেছেন। হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লিভিট জানিয়েছেন, শুক্রবার থেকে এশিয়া সফরে বেরোবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিন তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবেন। তার পর যাবেন দক্ষিণ কোরিয়ায়। সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়াতেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প।
প্রসঙ্গত, চলতি অক্টোবর মাসে বিরল খনিজ সম্পদ রফতানিতে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে বেজিং। এর ফলে বিগত কয়েক মাস ধরে চলা মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে চলা বাণিজ্যযুদ্ধ নতুন মাত্রা পায়। চিনের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ডোনাল্ড ট্রাম্প দেশটির ওপর শুল্ক বাড়ানোর হুমকি দেন। আন্তররাজিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নিজেদের দেশে বিরল ধাতু আমদানির ক্ষেত্রে ওয়াশিংটন অনেকটাই নির্ভরশীল চিনের উপর। তাই দুই দেশের মধ্যে সম্পর্ক দ্রুত স্বাভাবিক করার দিকে নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
