ওঙ্কার ডেস্ক : ইতিমধ্যেই কলকাতা শহর থেকে শুরু করে জেলায় জেলায় উৎসবের আমেজে রাস্তায় ভিড় জমাতে শুরু করেছে সাধারণ মানুষ। পুজো মণ্ডপে আলোর ঝলকানি, ঢাকের তালে বাঙালির উচ্ছ্বাস তুঙ্গে। কিন্তু এই আনন্দে বাধ সাধতে আবহাওয়া অফিসের সতর্ক বার্তা নিম্নচাপের। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া, সব মিলিয়ে আগামী কয়েক দিন একেবারেই স্বস্তি মিলবে না জেলাগুলিতে।
আবহাওয়া দফতর সুত্রে খবর, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল শুক্রবার আরও ঘনীভূত হয়েছে। এর প্রভাব দক্ষিণবঙ্গেও পড়বে, বিশেষত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বর্ষণ হতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নামতে পারে আরও কয়েকটি জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়তে পারে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাগুলোতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার থেকেই বৃষ্টি বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। ২৮ সেপ্টেম্বর থেকে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম—সব জেলাতেই বজ্রঝড়-বৃষ্টির সম্ভাবনা। ২৯ ও ৩০ সেপ্টেম্বর-মেঘলা আকাশ, মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বিশেষ করে হুগলি, বাঁকুড়া, বর্ধমান ও মেদিনীপুরের দিকে বজ্রঝড়-বৃষ্টির আশঙ্কা। ফের অক্টোবরের প্রথম সপ্তাহে বাড়বে বৃষ্টি। ১ অক্টোবর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রঝড়-সহ বৃষ্টির সম্ভাবনা।

কলকাতার জন্য বিশেষ সতর্কতা আবহাওয়া দফতরের

২৬ সেপ্টেম্বর: হালকা থেকে মাঝারি বৃষ্টি। তাপমাত্রা ৩৩°/২৭°।
২৭ সেপ্টেম্বর: আকাশ মেঘলা, হালকা বৃষ্টি। তাপমাত্রা নামবে ৩১°/২৬°।
২৮ সেপ্টেম্বর: মাঝারি বৃষ্টি, মেঘলা আকাশ।
২৯-৩০ সেপ্টেম্বর: বিকেলের পর বৃষ্টি বাড়তে পারে।
১ অক্টোবর: ফের মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
২ অক্টোবর: ভারী বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে কলকাতায়ও। তাপমাত্রা নামতে পারে ৩০°/২৫°-এ।
স্বাভাবিকভাবেই, দুর্গাপুজোর দিনগুলোতে ঢাকের তালে বাঙালি মেতে উঠলেও ছাতা, রেইনকোট হাতের কাছে রাখতে হবে।
