ওঙ্কার ডেস্ক: অতীতে বিভিন্ন সময় দেখা গিয়েছে বাংলাদেশে দুর্গাপুজোর সময় প্রতিমা ভাঙচুর করা হয়েছে। বদলের বাংলাদেশে মহম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর সেই আশঙ্কা আরও বেড়েছে। তবে বাংলাদেশের পুলিশের তরফে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের আশ্বস্ত করা হয়েছে, কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে। পুলিশের তরফে জানানো হয়েছে, এবছর বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
বৃহস্পতিবার ঢাকার সূত্রাপুরে বাংলাবাজার সর্বজনীন পুজোমণ্ডপ পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, বিক্ষিপ্ত কোনও অশান্তির ঘটনা ঘটলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পুজো উপলক্ষে নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাও জানান তিনি। উল্লেখ্য, দুর্গাপুজো নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে যাতে হয় সেজন্য সংখ্যালঘুদের পাশে থাকার কথা ঘোষণা করেছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি। দলীয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্য দিকে, দুর্গা পুজোর মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, ‘দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রতিমা ভাঙচুর বা মন্দিরে হামলার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে পরাজিত শক্তি এবং সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা অদৃশ্য শক্তি বা ফ্যাসিবাদের দোসররা। এ বিষয়ে রাজনৈতিক দল ও জনগণকে সজাগ থাকতে হবে। সরকারকেও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
