অর্পিতা মুখার্জী, কলকাতা: পুরভোট নিয়ে বড় ধাক্কা। কলকাতা, হাওড়া সহ ৭ পুরসভায় এখনই হচ্ছে না ভোট। ওয়ার্ড বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটের কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
বঙ্গে পালাবদলের পরই পুরসভার আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কলকাতা পুরসভার ওয়ার্ড ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া শুরু হয়। শুরু থেকেই এই সিদ্ধান্তে আপত্তি জানায় বিরোধী দলগুলো। পরে বিষয়টি গড়ায় হাই কোর্টে। পুজোর ছুটির মধ্যে মামলা দায়ের হওয়ায় সেটি ওঠে অবকাশকালীন বেঞ্চে। শুক্রবার সেই মামলায় বেঞ্চ সাফ জানিয়ে দেয়, আগে ওয়ার্ড পুনর্বিন্যাস মামলার নিষ্পত্তি হবে, তারপর ভোট। অর্থাৎ কবে পুরভোট হবে, তা এখনও অনিশ্চিত।
একাধিক পুরসভা ও পুরনিগমে দীর্ঘদিন ভোট হয়নি। পালাবদলের পর অনেক পুরবোর্ড ভেঙে গিয়েছে। সেখানে এখন প্রশাসকরা দায়িত্ব সামলাচ্ছেন। ফলে দ্রুত ভোট করাতে চাইছিল সরকার। শোনা যাচ্ছিল, নভেম্বরের শেষের দিকে হতে পারে নির্বাচন। কিন্তু হাই কোর্টের নির্দেশে সেই সম্ভাবনা আপাতত স্থগিত।
এই প্রসঙ্গে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “কোর্টের নির্দেশের পর আমাদের কিছু বলার থাকতে পারে না। তবে ভোট না হলে আমজনতা সমস্যায় পড়ছে। ফলে যত দ্রুত সম্ভব ওয়ার্ড পুনর্বিন্যাস মামলার নিষ্পত্তি করা হোক।”