ওঙ্কার ডেস্কঃ বয়স্ক বাবা-মায়ের দেখভাল না করলে কড়া পদক্ষেপ নিতে চলেছে তেলেঙ্গনা সরকার। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেভন্থ রেড্ডি সোমবার এক অনুষ্ঠানে জানান, যেসব সরকারি কর্মকর্তা বা কর্মচারী তাঁদের বৃদ্ধ বাবা-মায়ের যত্ন নিচ্ছেন না, তাদের বেতনের ১০ শতাংশ কেটে সরাসরি বাবা-মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। রাজ্য সরকার এই বিষয়ে একটি আইন আনার সিদ্ধান্ত নিয়েছে।
বৃদ্ধ মা বাবাদের পাশাপাশি তিনি প্রতিবন্ধী ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য নতুন সহায়তামূলক প্রকল্পের কথা ঘোষণা করেন। এই উদ্যোগে রেট্রোফিটেড মোটরচালিত যান, ব্যাটারি ট্রাইসাইকেল, ব্যাটারি হুইলচেয়ার, ল্যাপটপ, হিয়ারিং এইড, মোবাইল ফোনসহ আধুনিক যন্ত্র সরবরাহ করা হবে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে ৫০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী বলেন, এটি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান এবং আত্মসম্মানের সঙ্গে সমাজে বাঁচার সুযোগ নিশ্চিত করবে।
পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য ‘প্রণাম’ নামে নতুন ডে-কেয়ার সেন্টার তৈরি করা হচ্ছে। এই কেন্দ্রগুলোতে প্রবীণদের দেখাশোনা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সামাজিক অন্তর্ভুক্তি ও সমানাধিকারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ ঘোষণা করে তিনি জানান, আগামী পুরসভা নির্বাচনে প্রতিটি মিউনিসিপ্যাল কর্পোরেশনে একটি করে কো-অপশন সদস্য পদ ট্রান্সজেন্ডারদের জন্য সংরক্ষিত থাকবে।
