ওঙ্কার ডেস্ক: তিনি টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী অপাদি, অর্থাৎ অপরাজিতা আঢ্য। যাঁর লক্ষ্মীপুজো খুবই জনপ্রিয় তাঁর ভক্তদের মধ্যে। সুন্দর গয়না, সুন্দর শাড়ি এবং বিশেষ করে নাকে নথ পরে একেবারে যেন লক্ষ্মী প্রতিমার মতো সেজে প্রতিবারই লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন অভিনেত্রী। সবারই জানা, অপরাজিতার বাড়ির লক্ষ্মী প্রতিমা, অপরাজিতা নিজে হাতেই বানিয়েছেন। আর সেই প্রতিমাই প্রতিবার পূজিত হয়। তবে প্রতিবারেই নতুন নতুন সাজে সেজে ওঠেন মা লক্ষ্মী। তবে এবার যে মা লক্ষ্মীর পোশাক কিনতে গিয়ে বিপাকে পড়তে হবে অভিনেত্রীকে, তা কল্পনাও পারেননি। মায়ের ইচ্ছাই সব। সেটাও ঘটল অপরাজিতার সঙ্গে।
গতকাল থেকেই মাকে সাজানো শুরু করেছেন অপরাজিতা। এবছর অপরাজিতার মা লক্ষ্মীকে দেখা যাবে রাধারানি সাজে। কাচ বসানো গোলাপি ঘাগড়া, রং মেলানো ওড়না, হাতে-পায়ে আলতা পরিয়ে মা লক্ষ্মীকে সাজালেন অপরাজিতা। এই গোলাপি ঘাগড়া নিয়েই রয়েছে এক গল্প।অভিনেত্রীর কথায়, মা লক্ষ্মীই খুঁজে নিয়েছেন তাঁর নিজের সাজ।
তখন বেশ রাত। গড়িয়াহাটের একটি দোকানে মা লক্ষ্মীর জন্য নতুন পোশাক কিনতে যান অপরাজিতা। সেখানে গিয়ে জানতে পারেন, দুর্গাপুজোর সময় ও আগে অতিবৃষ্টির কারণে দোকানের সব মালই নষ্ট হয়ে গিয়েছে। রাত হয়ে যাওয়ায় সব দোকানই প্রায় বন্ধ! নিরুপায় হয়ে অপরাজিতা, সেই বিক্রেতাকেই বললেন, দেখো না তোমার দোকানে কিছু একটা তো থাকবে, আজকে রাতেই সাজাতে হবে মাকে। লক্ষ্মীপুজোর দিন তো সময়ই পাব না!
অপরাজিতার কথা শুনে পোশাক বিক্রেতা একের পর এক পোশাক দেখাতে শুরু করেন। কিন্তু অভিনেত্রীর তা পছন্দই হয় না। তারপর নজর পড়ে গোলাপি একটি ঘাগড়ার দিকে। এটা দেখেই মনে হল, মা লক্ষ্মী এটাই পছন্দ করবে। তাই শেষমেষ গোলাপি ঘাগড়াই আনেন অপরাজিতা। আর সেই ঘাগড়া দিয়েই ঘরের লক্ষ্মীকে সাজালেন অপা। যা একেবারেই রাধারানির বেশ।
