ওঙ্কার ডেস্ক: বাংলা সিনেমার প্রথম সারিতে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউডের পাশাপাশি বর্তমানে বলিউডেও নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি। শুরু নব্বইয়ের দশকে ‘আঁখিয়া’ সিনেমায় পরিচালক ডেভিড ধাওয়ানের হাত ধরে। তবে মাঝে বাংলা সিনে ইন্ডাস্ট্রির দায়িত্ব কাঁধে তুলে নেওয়ায় দু’ দশকের বিরতি! তারপর আবারও বলিউডের যোগদান। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুজোয় নতুন ছবি রিলিজের জন্য শুভেচ্ছা জানালেন খোদ বলি অভিনেতা অমিতাভ বচ্চন।
২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার ‘দেবী চৌধুরানী’র ট্রেলার শেয়ার করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন সিনিয়র বচ্চন। তবে তাঁর এক্স হ্যান্ডেলের পোস্টে নজর কেড়েছেন গোটা গোটা অক্ষরে বাংলা ভাষায় লেখা শুভেচ্ছাবার্তায়। অমিতাভ লিখেছেন, ‘তোমার সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক বুম্বা, শুভেচ্ছা।’ আগামী ২৬ সেপ্টেম্বর পর্দায় মাতৃশক্তির জয়ধ্বনি দিয়ে ঝাঁপিয়ে পড়বেন সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম চরিত্র ‘ভবানী পাঠক’। যে চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। আর সেই ছবির জন্যই বুম্বাকে বাংলা ভাষায় শুভেচ্ছা অমিতাভের। রিলিজের আগে টিম ‘দেবী চৌধুরানী’কে উৎসাহ জোগাতে সিনিয়র বচ্চনের এহেন শুভেচ্ছাবার্তা যে অনেকটাই মনের বল বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।
প্রত্যুত্তরে ধন্যবাদ জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। সিনিয়র বচ্চনের পোস্ট শেয়ার করে বুম্বার মন্তব্য, ‘আপনার শুভেচ্ছা এবং উৎসাহ শুধু আমার কাছে নয়, পুরো টিমের কাছেই খুব গুরুত্বপূর্ণ, ধন্যবাদ অমিতাভজি।’
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দেবী চৌধুরানী’র ট্রেলার। সেখানেই ভবানী পাঠক অবতারে নজর কেড়েছেন প্রসেনজিৎ। ব্রিটিশ শাসনের নাগপাশে যখন মাতৃভূমির মানুষজনের প্রাণ ওষ্ঠাগত, তখন দেবী চৌধুরানীকে শান দেওয়া তরবারিতে পরিণত করেন ভবানী। গুরুর আদেশে যোগ্য শিষ্যার মতো চৌধুরানী ঝাঁপিয়ে পড়ে মাতৃভূমি রক্ষার্থে। সেই কাহিনিই শুভ্রজিৎ মিত্রের ফ্রেমে পর্দায় ফুটে উঠবে। দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞী ‘দেবী চৌধুরাণী’র গুরু ‘ভবানী পাঠক’-এর ভূমিকায় লাইমলাইট কেড়ে নিলেন প্রসেনজিৎ। ‘রঙ্গরাজ’ এবং ‘নিশি’র ভূমিকায় অর্জুন চক্রবর্তী এবং বিবৃতি চট্টোপাধ্যায়। সেই ছবির জন্যই প্রসেনজিৎকে প্রাণভরা শুভেচ্ছা অমিতাভের।
