ওঙ্কার ডেস্ক: ছোটপর্দায় নতুন গল্প। নতুন প্রেম, মুখ্য চরিত্রে ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী অরুণিমা হালদার। ধারাবাহিকের নাম ‘সোহাগে আদরে’। আবার প্রেমের গল্প। কিন্তু অন্য রূপে। অনেক দিন পরে আবারও ছোটপর্দায় দেখা যাবে অরুণিমাকে। পর্দার ‘কঙ্কাবতী’ এখন ‘সোহাগ’। বড়পর্দা, ওয়েব সিরিজ এবং ছোটপর্দা, তিন জায়গাতেই অরুণিমার অভিনয় নজর কেড়েছে দর্শকের।
নতুন গল্পে দেখা যাবে, সূর্যকে বিয়ের পরেই বদলে যায় সোহাগের জীবন। পরিবার, সম্পর্কে বিশ্বাসী সোহাগ তাঁর বিপরীত সূর্য। সেখান থেকেই গল্পের শুরু। অরুণিমা নতুন কাজ নিয়ে জানিয়েছেন, একদিকে যেমন সোহাগের মধ্যে ঘরোয়া সত্তা দেখা যাবে। সেই সঙ্গে তাঁর চরিত্রের নেপথ্যে রয়েছে প্রতিবাদী সত্তাও, যা গল্পের পরতে পরতে বোঝা যাবে।
মাঝে অনেকগুলো মাস বাড়িতেই ছিলেন অভিনেত্রী। ছোটপর্দায় শেষ বার ২০২৪ সালের শেষে দেখা গিয়েছিল তাঁকে। ছয়-সাত মাস ছোটপর্দা থেকে দূরে ছিলেন অরুণিমা কিন্তু কেন তা আগে জানা যায়নি। জানা গিয়েছে, ‘কাজলনদীর জলে’ ধারাবাহিক শেষ হওয়ার পরে খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। অভিনেত্রী জানান, “আমার জন্ডিস হয়েছিল। তার পর খুবই দুর্বল হয়ে পড়ি। ভেবেছিলাম কয়েক দিনের বিরতি নেব। আর তার আগে যে পর পর ধারাবাহিকে করে গিয়েছি আমি। মাঝে কয়েকদিনের বিশ্রাম প্রয়োজন ছিল।” তাই ইচ্ছা করেই ছয়-সাত মাস ছোটপর্দা থেকে দূরে ছিলেন। নতুন ধারাবাহিকে অরুণিমার বিপরীতে দেখা যাবে শুভরঞ্জন মুখোপাধ্যায়কে।
