ওঙ্কার ডেস্ক: গণেশ চতুর্থী পেরতেই কয়েকদিনের মধ্যে মুম্বই ছেড়ে বিদেশের পথে রওনা দিলেন দীপিকা পাড়ুকোন। লুই ভুইতোঁ-র একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই নায়িকার বিদেশযাত্রা। মুম্বই বিমানবন্দরে ক্যামেরায় ধরা পড়লেন তিনি।
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, দীপিকা নিজের গাড়ি থেকে নেমে বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছেন। যাওয়ার আগে পাপারাজ্জিদের দিকে তাকিয়ে হেসে তিনি, ‘ধন্যবাদ’ও জানাতে ভোলেননি অভিনেত্রী। এদিনের লুকে দীপিকা ছিলেন একেবারেই ক্যাজুয়াল তবে স্টাইলিশ। সঙ্গে লাল সোয়েটার, ডেনিম প্যান্ট, বাদামি রঙের বুট, চুল খোপা করে বাঁধা, চোখে কালো সানগ্লাস আর হাতে শোল্ডার ব্যাগ। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা জানিয়েছেন নানা প্রতিক্রিয়া। কেউ বললেন, “এই তো ডিভা ইজ ব্যাক।” আবার আরেকজনের মন্তব্য, “দুয়া কোথায়?” তবে কেউ কেউ লিখেছেন, “যেন রানি! কী সুন্দর লাগছে দেখতে।”
প্রসঙ্গত, ২০২৪ সালে দীপিকা ও রণবীরের কন্যা দুয়ার জন্ম হয়। তবে তারকা দম্পতি এখনো প্রকাশ্যে আনেননি সন্তানের মুখ। সেপ্টেম্বরের ৮ তারিখেই এক বছর পূর্ণ হবে দুয়ার। সূত্রের খবর, মাতৃত্বের পর দীপিকা কাজের থেকেও বেশি সময় দিচ্ছেন সন্তানকে। কয়েকদিন আগেই তাঁর ‘৮ ঘণ্টা কাজের শর্ত’ নিয়ে বলিউডে যথেষ্ট বিতর্কের ঝড় তৈরি হয়েছিল। এমনকি, এই শর্তের কারণেই স্পিরিট ছবির কাজ ছেড়ে দেন তিনি। বহুবছর ধরে পরিকল্পনায় থাকা ইন্টার্ন ছবিটিতেও অভিনয় করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা। তবে প্রযোজনার দায়িত্বে থাকবেন তিনি।
