ওঙ্কার ডেস্ক: চলতি বছর জানুয়ারিতে রাশিয়ান প্রেমিকা চিন্তামণি ডায়নার সঙ্গে বিয়ের পিড়িতে বসেছিলেন অভিনেতা গৌরব মণ্ডল। বৃন্দাবনে দুই পরিবারের উপস্থিতিতে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তাঁরা। বিয়ের দু’মাসের মধ্যেই সুখবর দিয়েছিলেন তারকা দম্পতি। জানিয়েছিলেন বাবা-মা হতে চলেছেন। বৃন্দাবনেই কন্যা সন্তানের জন্ম দিলেন চিন্তামণি। সেই খবর নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন গৌরব। এবার মেয়ের নাম প্রকাশ্যে আনলেন অভিনেতা। সঙ্গে একরত্তির ছবিও সামনে আনলেন।
গৌরব-চিন্তামণি তাঁদের একরত্তি মেয়ের নাম রেখেছেন, রসমৃতা রাধে দাসী। এই নামের মানে হল শ্রীকৃষ্ণের এক দাসী, যাঁকে রাধা নিযুক্ত করেছিলেন। রাধাষ্টমী উপলক্ষে মেয়ের ছবি ও নাম প্রকাশে এনেছিলেন অভিনেতা। তাঁর ভাগ করে নেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একরত্তিকে। গোলাপি শাড়িতে মেয়েকে সাজিয়েছেন গৌরব ও চিন্তামণি। একরত্তিকে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। বরাবরই গৌরব-চিন্তামণির ভিডিও দেখে দম্পতিকে ভালবাসায় ভরিয়ে দেন অনুরাগীরা।
প্রসঙ্গত, অভিনেত্রী জেসমিন রায় সঙ্গে বিচ্ছেদের পর টলিউডের সঙ্গেও খানিকটা দূরত্ব বাড়িয়েছিলেন গৌরব। বৃন্দাবনে গিয়ে নিজের জীবনকে নতুনভাবে তৈরি করেন অভিনেতা। দেখা হয় নৃত্যশিল্পী চিন্তামণি ডায়নার সঙ্গে। সেখান থেকেই শুরু প্রেম পর্ব। ছোটপর্দার জগতে একটা সময় অতি পরিচিত মুখ ছিলেন গৌরব মন্ডল। ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ ধারাবাহিকে শ্রীকৃষ্ণের ভূমিকায় দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। বর্তমানে ছোটপর্দা থেকে দীর্ঘদিন দূরে রয়েছেন গৌরব। আধ্যাত্মিক যাত্রাপথেই মনের শান্তি খুঁজে নিয়েছেন অভিনেতা। এবার প্রথম কন্যা সন্তানের বাবা হিসাবে এক অন্য যাত্রা শুরু হল তাঁর।
