ওঙ্কার ডেস্ক: নতুন বছরে বিনোদনের জগতে বড়সড় খবর নিয়ে হাজির হইচই। জানুয়ারিতেই একগুচ্ছ নতুন সিরিজ ঘোষণা করলেন কতৃপক্ষ, তাদের এবারের লক্ষ্য বাংলা কনটেন্টকে আরও এক ধাপ উপরে নিয়ে যাওয়া। শুধু নতুন সিরিজ নয়, ঘোষণার ভঙ্গিতেও এবার ছিল অন্যরকম চমক ও বার্তা। গোটা ভিডিওটি সাজানো হয়েছে হালকা মেজাজ ও রসিকতার মোড়কে। যাতে রয়েছে ভরপুর বার্তা ও বিনোদনের স্বাদ। দর্শকদের জন্য সারা বছর বিনোদনের ডালি সাজিয়ে ফেলেছে হইচই।
বছরের ১২ মাস যাতে একটানা নতুন কনটেন্টে দর্শককে বেঁধে রাখা যায়, সেই লক্ষ্যেই হইচই’য়ের। এই পরিকল্পনায় শামিল হয়েছেন টলিউডের একাধিক প্রথম সারির তারকা। হইচইয়ের আসন্ন প্রোজেক্টগুলিতে দেখা যাবে মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সন্দীপ্তা সেন, সৌমিতৃষা কুণ্ডু, কৌশানী মুখোপাধ্যায় থেকে শুরু করে পরমব্রত চট্টোপাধ্যায়, সৌরভ দাস, চিরঞ্জিত চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তীর মতো জনপ্রিয় শিল্পীদের।
চলতি বছরে মুক্তি পাবে অনির্বাণের ‘একেন বাবু: পুরুলিয়ায় পাকড়াও’, কৌশানী থাকবে ‘আদালত ও একটি মেয়ে’র গল্প নিয়ে, সৌরভ ও শোলাঙ্কি রায় ফিরছেন ‘মন্টু পাইলট ৩ নিয়ে’, সন্দীপ্তার ‘বীরাঙ্গনা ২’তে থাকবে ফের টানটান গল্পের প্লট, ঋত্বিকের ‘অ্যাডভোকেট অচিন্ত আইচ ৩’ এবার কোন পথে যাবে তার জন্য অপেক্ষায় দর্শক, সৌমিতৃষার ‘কালরাত্রি ২’ ইতিমধ্যেই মুক্তি পেয়ে গেছে, শ্রাবন্তীর ‘ঠাকুমার ঝুলি’তে রয়েছে বেশ চমক, চিরঞ্জিতের ‘নিকষছায়া ২’ও আসছে, ঋদ্ধিমা ঘোষ, অঙ্গনা রায় এবং সুস্মিতার ‘কুহেলি’, পরমব্রতর ‘গোয়েন্দা আদিত্য মজুমদার’, মিমির ‘কুইনস’, শাশ্বতর ‘রক্তফলক’।
হইচই বাংলা সিরিজের মাধ্যমে দর্শকে দিয়েছে ভরপুর বিনোদন। প্রেম, থ্রিলার, কমেডি, বিভিন্ন ঘরানার কনটেন্টে দর্শকের রুচি ও চাহিদাকে মাথায় রেখেই সাজানো হয়েছে তাদের ঝুলি। এবার দর্শকদের জন্য থাকছে জনপ্রিয় ও সফল কিছু সিরিজের বহু প্রতীক্ষিত সিকুয়েল কাহিনী গুলি। পাশাপাশি রয়েছে একেবারে নতুন গল্প ও ভাবনার কনটেন্ট। সিরিজগুলি এখনও মুক্তির অপেক্ষায়। বর্তমানে হইচই’এর এই ঝলক যে আগামী দিনে বিনোদনের মাত্রা যে আরও বাড়িয়ে তুলবে তা বলাই বাহুল্য।
