ওঙ্কার ডেস্ক: শেষ হল সাড়ে তিন বছরের পথ চলা। ১১ ডিসেম্বর শেষবারের মতো শুটিং ফ্লোরে এসেছিল ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের সকল কলাকুশলীরা। এদিনও কেক কেটে বিদায় জানান ধারাবাহিককে। কান্নায় ভেঙে পড়েন ধারাবাহিকের দুই মুখ্য অভিনেতা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক, সৌম্যদীপ মুখোপাধ্যায়রা। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের শুটিংয়ের শেষে অঙ্কিতা জানান, ”শেষ প্যাক আপের পর খুব কষ্ট হচ্ছে। আমরা এতদিন একসঙ্গে কাজ করেছি, সবার অনেক স্মৃতি, অনেক ভালবাসা, অনেক কিছু।” পাশাপাশি শেষদিনে মন খারাপ সৌম্যদীপ মুখোপাধ্যায় ওরফে স্বয়ম্ভুরও। তিনি এদিন বলেন, “স্যারকে ধন্যবাদ। জি বাংলাকে ধন্যবাদ। যে দর্শকরা আমাদের দেখেছেন, ভালবাসা দিয়েছেন তাঁদেরও ধন্যবাদ।” শেষে আরও একবার ধারাবাহিকের নামে চলে চিয়ারআপ।
শেষ দিনে খানিকটা ভারাক্রান্ত দেখায় সকলকেই, বাদ যায়নি রূপসা চক্রবর্তীও। এই চরিত্রকে বিদায় জানানোর আগে তিনি বলেন, কৌশিকী পারফেক্ট একটা চরিত্র। বাড়ির বড় মেয়ে, বড়দি যেমন হয় ঠিক তেমন। এই চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছ থেকে অগাধ ভালবাসা পেয়েছি। পাশাপাশি সকাল থেকেই সকলের মন ভারাক্রান্ত। শেষ মুর্হুতে চোখ ছলছল সকলের। ইতিমধ্যেই সকলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শেষ দিনের শুটিংয়ের মুহুর্ত। পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর পাশাপাশি সকলকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, ২০২২ সালে পথ চলা শুরু করেছিল ‘জগদ্ধাত্রী’। এক সময় টিআরপি টপার লিস্টে থাকত এই মেগা। এমনকী এখনও সেরা ১০-এ নিজেদের জায়গা ধরে রেখেছে এই মেগা। চলতি রবিবার শেষবার সম্প্রচারিত হবে ‘জগদ্ধাত্রী’। সোমবার, ১৫ ডিসেম্বর থেকে সেই জায়গায় অর্থাৎ সন্ধে সাড়ে সাতটার স্লটে আসছে তারে ধরি ধরি মনে করি।
