ওঙ্কার ডেস্ক: শুরু হতে চলেছে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ৬ নভেম্বর থেকে এক সপ্তাহ অর্থাৎ ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। তার আগে এদিন, মঙ্গলবার রবীন্দ্র সদনে আয়োজিত হল এক সাংবাদিক সম্মেলন। সম্মেলনে হাজির হয়েছিলেন, মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, শান্তনু বসু, হরনাথ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, জুন মালিয়া, পরিচালক হরনাথ চক্রবর্তী, জয়দীপ রায়। নন্দন, শিশির মঞ্চ, রবীন্দ্র সদনে চলবে এই উৎসব। এবারের ট্যাগলাইন দেওয়া হয়েছে ‘চলচ্চিত্র মেলায় বিশ্ব’৷ ফোকাস কান্ট্রি পোল্যান্ড ৷ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ও। উদ্বোধনী ছবি হিসাবে দেখানো হবে অজয় কর পরিচালিত উত্তম-সুচিত্রা অভিনীত ১৯৬১ সালের ছবি ‘সপ্তপদী’। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
খবর, উদ্বোধনী মঞ্চে থাকছেন শত্রুঘ্ন সিনহা, রমেশ সিপ্পি। থাকতে পারেন শর্মিলা ঠাকুর-ও। এদিনের সাংবাদিক সম্মেলনের মঞ্চে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, হরনাথ চক্রবর্তী, শান্তনু বসু, কোয়েল মল্লিক, জুন মালিয়া-সহ অনেকেই। এই ফিল্ম ফেস্টিভ্যালে এবারে মোট ১৮৫ ফিচার ফিল্ম, ৩০টা স্বল্পদৈর্ঘ্যের ছবি, ৩৫ শর্ট ফিল্ম ডকু ফিল্ম দেখানো হবে৷ ১৮ টি ভারতীয় ভাষায় ও ৩৯ টি বিদেশি ভাষার ছবি জায়গা পেয়েছে এবারের ফিল্ম ফেস্টিভ্যালে৷ এবার চলচ্চিত্র উৎসবে মোট ১ হাজার ৮২৭ টি সিনেমা এন্টি জমা পড়েছিল৷ ৩৯টি দেশের ২১৫টি সিনেমা নির্বাচিত হয়েছে বলে জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে৷ আর প্রতি বছরের মতো এই বারেও ‘সিনে আড্ডা’র আয়োজন করা হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী যার নাম দিয়েছেন ‘গানে গানে সিনেমা’। ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর একতারা মঞ্চে বসবে এই গানের আড্ডা ৷
বেঙ্গলি প্যানোরমা বিভাগে দেখানো হবে ‘কম্পি’, ‘পিঞ্জর’, ‘গেট আপ কিংশুক’, পরিচালক ঋত্বিক ঘটকের ‘কোমল গান্ধার’, ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘সুবর্ণরেখা’- সহ আরও বেশ কিছু সিনেমা থাকছে এই বিভাগে ৷ অন্যদিকে, এই বছরের ফিল্ম ফেস্টে উদযাপিত হবে ‘শোলে’ সিনেমার ৫০ বছর পূর্তি।
