ওঙ্কার ডেস্ক: ৬ নভেম্বর, বৃহস্পতিবার ধন্যধান্য স্টেডিয়ামে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরভর এই ফিল্মোৎসবের জন্য অধীর আগ্রহে মুখিয়ে থাকেন সিনেপ্রেমীরা। এদিন থেকে শুরু হচ্ছে একসপ্তাহব্যাপী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী ছবি হিসেবে থাকছে উত্তম-সুচিত্রার কালজয়ী সিনেমা ‘সপ্তপদী’। এছাড়াও চলতি বছর জন্মশতবর্ষ উপলক্ষে ঋত্বিক ঘটককে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানাতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
সিনেমা, সেমিনারের মাধ্যমে কিংবদন্তী পরিচালককে স্মরণ করা হবে চলচ্চিত্র উৎসবে। শুক্রবার, ৭ তারিখ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হবে ঋত্বিক ঘটকের ৬টি ছবির সংস্করণ। বাড়ি থেকে পালিয়ে, তিতাস একটি নদীর নাম, মেঘে ঢাকা তারা, অযান্ত্রিক, কোমল গান্ধার, সুবর্ণরেখার মতো কালজয়ী ছবিগুলি রয়েছে এই তালিকায়।
পুজোপার্বণ মিটতেই এবার শহরে শুরু হতে চলছে আরও এক বড় উৎসব, তা হল সিনেপুজো। প্রদীপ প্রজ্বলন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফি বছরের মতো এবারেও অন্যতম চমক হিসেবে থাকছে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশন। সূত্রের খবর, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হতে পারেন শর্মিলা ঠাকুর, শত্রুঘ্ন সিনহা, রমেশ সিপ্পির মতো প্রবীণ তারকারা। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকছেন জুন মালিয়া এবং পরমব্রত চট্টোপাধ্যায়। এদিন বিকেল পাঁচটায় ধনধান্য স্টেডিয়ামে দেখানো হবে উদ্বোধনী সিনেমা ‘সপ্তপদী’। এবছরের চলচ্চিত্র উৎসবের থিম রয়েছে ‘চলচ্চিত্র মেলায় বিশ্ব’ যে আক্ষরিক অর্থেই বাস্তবে পরিণত হতে চলেছে, তা বলাই বাহুল্য।
